দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। গানের পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। দীর্ঘ ১৫ বছর আগে বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন এ সংগীতশিল্পী। কিন্তু ১৫ বছর আগে টানা তিন বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এর প্রচার বন্ধ হয়ে যায়। এরপর ১৫ বছরে এ অনুষ্ঠান বিটিভিতে আর দেখা যায়নি। দীর্ঘ সময় পর আবারো একই অনুষ্ঠান নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন আগুন। বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। জানালেন, এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। পর্বগুলোয় অতিথি ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। আগুন বলেন, ‘আমি একটি কথাই স্পষ্ট করে বলতে চাই, তা হলো শিল্পীদের কাজ বন্ধ করে দেয়ার যে অপসংস্কৃতিটা প্রচলতি আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী তার কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। তাই প্রত্যেক শিল্পীর কাজ করাটাকে শতভাগ নিশ্চিত করতে হবে। কেউই যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হয়। সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ শিল্পীর বিকাশই ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে।’