দীর্ঘ বিরতির পর গানে ফিরেছেন আগুন। তার নতুন গানের শিরোনাম ‘আমি তোমারে হারালে মরিবো’। গানটি এরই মধ্যে শ্রোতা দর্শকের মনোযোগ পেয়েছে। এতে আগুনের সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এআর রাজ। অনেক দিন পর আগুনের কণ্ঠে মৌলিক গান শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতা দর্শক। আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান, এরই মধ্যে গানটি সংগীতায় জমা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, এটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে। নতুন দুটি গান প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা তো খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি আসলে বেশ মেলোডিয়াস একটি গান। এআর রাজ যেমন ভালো লিখেছে, তেমনি সুরও করেছে চমৎকার। আমার গাইতে বেশ ভালো লেগেছে। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। শ্রোতাদের যে ভালো লাগছে, তা একটু একটু করে বুঝতে পারছি। আলী আকবর রুপু ভাইয়ের ছোট ভাই আলী আকতার রুনুর লেখা ও সুর করা গানটিও বেশ ভালো হয়েছে। এ গান নিয়ে আমি খুব আশাবাদী।’

এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্ম নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তার জন্ম হয়। তাই নিজের জন্ম নিয়ে সবসময় গর্ব করেন আগুন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। দুই ছেলে, স্ত্রী তান্না, বোন রুমানা ইসলাম ও শাশুড়িসহ আরো কিছু আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার এবারের জন্মদিন উদযাপন হবে বলে জানান তিনি। আগুন রাজধানীর উদয়ন স্কুলে পড়ার সময় জীবনে প্রথম গান লেখেন ও সুর করেন। গানের কথা ছিল এমন ‘রেল সড়কের বস্তিতে যে ভাঙ্গা একটা ঘর, সেইখানেতে বসত করে অশ্রু কারিগর, ঘরের মানুষ রিক্সা চালায় সারাটা দিন ধইরা, মানুষেরই ভার টানে নিজে মানুষ হইয়া’। তবে গানটি আজও প্রকাশ পায়নি। ইচ্ছে আছে গানটি প্রকাশ করার। আগুনের বাবা খান আতাউর রহমান তাকে প্রথম নবম শ্রেণীতে একটি গিটার কিনে দেন। সে গিটার নিয়ে তিনি তার এক ভাই ওয়াহিদের কাছে প্রথম গিটার বাজানো শেখেন। এরপর তিনিসহ আরো চারজন মিলে ব্যান্ড দল ‘সাডেন’ গঠন করেন। আগুনের একক অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কী যে বান্না পেয়েছিলো’, ‘কতো দুঃখে আছি’, ‘এই শহরে’, ‘আগের মতো নেই’, ‘সানাই’ ইত্যাদি।