নতুন মিউজিক ভিডিওতে দেখা দিচ্ছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘পেনসিল হিল’ শিরোনামের বিশেষ এ গানচিত্র পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি গেয়েছেন আসিফ আলতাফ। কথা-সুরও তার। ভিডিওতে মৌয়ের সঙ্গে থাকছেন এ গায়ক।
ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে ‘আমার গরুর গাড়িতে’ গানের ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলেন মৌ।
সেই বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন, ‘এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই; কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন “পেনসিল হিল” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে, নাম শুনে বেশ আগ্রহ হলো।’
‘গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। তাই রাজি হয়ে গেলাম।’
আগামীকাল গায়ক আসিফ আলতাফের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘পেনসিল হিল’ প্রকাশ হবে।










