বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার ও সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে নিপুণ আক্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। গত বছরের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে ‘সাবেক সাধারণ সম্পাদক’ হিসেবে উল্লেখ করেন তিনি। ওই বিবৃতি তিনি ফেসবুকেও পোস্ট করেন, যা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়।

এ ঘটনায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় নিপুণের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেয়ার সিদ্ধান্ত নেয়। নোটিস পাঠানো হলেও নিপুণ তা উপেক্ষা করেন।

এছাড়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও রয়েছে নিপুণের বিরুদ্ধে। গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার নোটিস দেয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার ঘনিষ্ঠ হওয়ায় তিনি সমিতির নিয়মকানুন আমলে নেননি।

অনৈতিকভাবে প্যাড ব্যবহার ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মন্তব্য করার প্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদ তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।