মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। এবারের ঈদে তাকে তরুণ মেধাবী পরিচালক শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে। দুটি নাটকের শুটিংই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নাটকগুলোর গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শখ। এ দুই নাটক ছাড়াও আগামী ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। এ দুটি অনুষ্ঠানেরও রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান শখ। তিনি বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো একদম সমসাময়িক। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, দুটিরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি । যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী এ দুই নাটক নিয়ে। এছাড়া বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি নাচেরই মেয়ে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার দুটো নাটকই দেখার জন্য এবং নাচের অনুষ্ঠানও উপভোগ করার জন্য। ধন্যবাদ নবী ভাইকে, আমাকে সুন্দর দুটি গল্পে কাজ করার সুযোগ দেয়ার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে, দুটি সুন্দর অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সুযোগ দেয়ার জন্য।’
এদিকে কিছুদিন আগেই শখকে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। এটি নির্মাণ করেছিলেন সায়মন তারিক। শখ জানান, আগামী ঈদের পর পরই তিনি একটি কসমেটিকসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক। শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় শখের যাত্রা। বহু নাটকে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমায়ও দেখা গেছে তাকে। শাকিব খানের সঙ্গে প্রয়াত এম বি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন শখ। পরবর্তী সময়ে নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা নিলয় আলমগীরের বিপরীতে সানিয়াত হোসেনের পরিচালনায় ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করে শখ ভীষণ প্রশংসিত হন।










