আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’।

‘মৃত্যুহীন প্রাণ’ একটি ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক। এতে শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কারিগরি নির্দেশনায় রয়েছেন আসিফ মুনীর।

এ নাটকে অভিনয় করছেন একঝাঁক তরুণ নাট্যকর্মী, যারা নিয়মিত মহড়া ও মঞ্চায়নের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করে তুলেছেন। আগস্ট থেকেই নাটকটির ধারাবাহিক মঞ্চায়ন শুরু হয়েছে, যা দর্শকদের মাঝে এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বঙ্গরঙ্গ নাট্যদল জানায়, সমসাময়িক সমাজবাস্তবতার প্রতিচ্ছবি বহন করা এ নাটক নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া তাদের অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ মঞ্চায়নে।