শুক্রবার দেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পায় ফারুকী নির্মিত সিনেমা ৮৪০। এর আগে ২০০৭ সালে তিনি নির্মাণ করেছিলেন নাটক ‘৪২০’। এটি তৎকালীন দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এল ‘৪২০’-এর ডাবলআপ ৮৪০ সিনেমা।
দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়া ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন ও পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।
৮৪০-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো নিয়ে এরই মধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশকিছু স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন গত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এ দুঃশাসন নিয়ে আরো এক্স-রে রিপোর্ট সামনে হবে।’
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।










