শোবিজের আলোচিত মুখ সোহানা সাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি তার। দেশের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে নিয়মিত পোস্ট করেন তিনি। বর্তমানে ভারতে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবিও প্রকাশ করেছেন। ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। এবার নতুন আলোচনা শুরু হয়েছে এ অভিনেত্রীকে নিয়ে। ভারতের জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। 

গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই। দীর্ঘ পোস্টে সোহানা সাবা লেখেন, ‘২০২৪-এর আগস্টে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন ও মন খারাপ করে ছিলাম যে চট করে এ প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিই। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি। একটা কথা বলতে চাই, আগে শুধু আমার অভিনয় বা কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্টের পরে) দেশ অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশী আমাকে ভালোবাসা আর দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রতিটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে।’

উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।