জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। দীর্ঘ সময় ধরেই ডার্ক ও সিরিয়াস চরিত্রে অভিনয় করা অর্চিতা এবার নতুন ধরনের ফানি ও হালকা কমেডি চরিত্রে দর্শকের সামনে এসেছেন।
অর্চিতা বলেন, ‘গত কয়েক বছর সিরিয়াস ধারার কাজ করেছি। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ফান-কমেডি বা হালকা ধারার চরিত্রে অভিনয় করার, যাতে আরো বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ঠিক সে সময় ব্যাচেলর পয়েন্ট টিম থেকে ডাক এল। এটি তো একটি বড় প্রজেক্ট, জনপ্রিয় একটি ব্যান্ড। মনে হয়েছে, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
অর্চিতার অভিনীত পর্ব সম্প্রচার হওয়ার পর দর্শকের সাড়া সম্পর্কে তিনি বললেন, ‘এক কথায় অসাধারণ। ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে এতটা জনপ্রিয়, তা অভিনয় না করলে বুঝতে পারতাম না। আমি স্পর্শ চরিত্রে অভিনয় করেছি, সেটি দর্শক জানার পর থেকেই অসংখ্য শুভেচ্ছা ও টেক্সট পাচ্ছি। দর্শকের ভালোবাসা দেখে আমি খুব খুশি। উপভোগ করছি বেশ।’
এ প্রসঙ্গে অর্চিতা আরো জানান, দর্শক তার ফানি চরিত্র দেখে বেশ অবাক হয়েছেন। তিনি বলেন, ‘অনেকে অবাক হয়েছেন, আমি কীভাবে ফানি টাইপের চরিত্র করছি। যারা ব্যাচেলর পয়েন্টের নিয়মিত দর্শক, তারা আমাকে পেয়ে খুব খুশি। এতে অভিনয় করে আমিও খুশি।’
নাটকটিতে যুক্ত হওয়ার আগে প্রায় চার মাস দর্শকের সামনে না আসার কারণ প্রসঙ্গে অর্চিতা বলেন, ‘পুরোপুরি ইচ্ছাকৃতভাবে বিরতি নিয়েছিলাম। মূলত ব্যাচেলর পয়েন্টের কাজের জন্য নিজেকে পর্দার বাইরে রেখেছিলাম। দর্শক যেন হঠাৎ আমাকে নাটকে দেখে আনন্দ পান, সেটিই চেয়েছিলাম।’
এদিকে এ সময় তিনি একটি অস্ত্রোপচারও করিয়েছিলেন। অর্চিতা বলেন, ‘হ্যাঁ, একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ। সুস্থ হয়ে নতুন কাজে ফিরেছি।’
নাটকটির নতুন সিজনে অর্চিতার ফানি চরিত্র দর্শকের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে।










