জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচার হচ্ছে ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠানটিতে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। তারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তি জীবন ও বর্ণাঢ্য কর্ম জীবনের কথা। দর্শক গুণীজনদের এসব কথা শুনতেও পছন্দ করছেন। এছাড়া ইকবাল খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠেছে। আজ প্রচার হবে এর ১৯তম পর্ব। এ পর্বে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট অভিনেতা ও লেখক আবুল হায়াত।

আবুল হায়াতকে চেনেন না এমন লোক বাংলাদেশ কমই পাওয়া যাবে। তবে তার সব কথা তো আর দর্শক বা গুণগ্রাহীদের জানার কথা নয়। এমন অনেক বিষয় নিয়েই আলাপ হবে আজকের আয়োজনে। এ পর্বে উঠে এসেছে আবুল হায়াতের জীবনের নানা অজানা কথা। দর্শক নতুন অনেক কিছু জানতে পারবেন। এইচএম তানভীর হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।

এ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আলোঘর প্রকাশনা নিবেদিত এ অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো এরই মধ্যে প্রশংসিত হয়েছে, যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি, অনুষ্ঠানটি দর্শকের আরো কাছাকাছি নিয়ে যেতে। আশা করি আমাদের চেষ্টা সফল হবে’।

আবুল হায়াত বলেন, ‘আয়োজনটি একটি ব্যতিক্রম আয়োজন। এখানে নিজের জীবনের এমন অনেক কথা অনায়াসে বলা যায়, যা সাধারণত বলার সুযোগ হয় না। আমি মন খুলে কথা বলেছি। দর্শকের মন্দ লাগবে না আশা করি।’