হাতিরঝিলে এম্পিথিয়েটারে ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ কনসার্টে গান পরিবেশন করবেন মিউজিশিয়ান বাপ্পা মজুমদার। তার সঙ্গে থাকবে দেশের আরো চারটি ব্যান্ড, যার টিকিট এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এ আয়োজনে প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার কনসার্ট নিয়ে বলেন, ‘এমন আয়োজনে গান গাইতে পারা আমার জন্য সবসময় আনন্দের। আমি শ্রোতাদের সামনে লাইভ গাইতে পছন্দ করি। কারণ এখানে শ্রোতাদের একেবারে কাছে আসা যায়। তাদের সঙ্গে গলা মিলিয়ে গান করা যায়। এমনই একটি আয়োজনে আমি আসছি ২০ ফেব্রুয়ারি হাতিরঝিলের এম্পিথিয়েটারে। মেলোডি অব ম্যাভেরিক্স কনসার্টে আমি ছাড়াও আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ড থাকবে। সবাইকে আমন্ত্রণ।’

কনসার্ট নিয়ে মেঘদলের ভোকাল শিবু কুমার শীল বলেন, ‘ভাষার মাসে মেঘদল ২০ ফেব্রুয়ারি আসছে হাতিরঝিল এম্পিথিয়েটারে। আমরা ছাড়াও এখানে বাপ্পাদা, সহজিয়া, কাকতালসহ অনেকেই পারফর্ম করবেন। এটি অবশ্যই আনন্দের। এ আনন্দ আরো বাড়িয়ে দিতে আপনারাও আসুন। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গান গাইব। আমাদের পাশাপাশি আরো যারা আছেন, সবাই দুর্দান্ত পারফরমার। শহুরে ব্যস্ততা ছেড়ে নিজেদের কিছুটা সময় দিন। আশা করি, অনেক সুন্দর একটি সন্ধ্যা আপনাদের উপহার দিতে পারব।’ বাপ্পা মজুমদার ছাড়াও কনসার্টে গাইবেন ব্যান্ড মেঘদল, সহজিয়া, কাকতাল ও এ কে রাহুল। এছাড়া একক সংগীত পরিবেশন করবেন আলভী আমীর। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।