ক্যাপ্টেন আমেরিকাখ্যাত অভিনেতা ক্রিস ইভান্স। ‘অ্যাভেঞ্জার্স’-এর অরিজিনাল ছয় চরিত্রের একটি ক্যাপ্টেন আমেরিকা। চরিত্রটির রূপ দিয়েছিলেন ক্রিস। অবশ্য ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ শেষ হলে অন্যান্য হিসাবও বদলে যায়। অ্যাভেঞ্জার্স ও মার্ভেল ছেড়েছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, মার্ক রুফালো, ক্রিস হেমসওয়ার্থ ও জেরেমি রেনার। এরপর মার্ভেলের সিনেমা আগের মতো দর্শক টানেনি। মার্ভেল তাই ফিরিয়ে আনছে পুরনো অভিনেতাদের। তবে নতুন চরিত্রে। অ্যান্টনি ও জো রুশো পরিচালনা করবেন মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এতে ডক্টর ডুম চরিত্র করছেন ডাউনি জুনিয়র। এবার জানা গেল, একই সিনেমার মাধ্যমে মার্ভেলে ফিরছেন ক্রিস ইভান্স। তবে তিনি কোন চরিত্রে থাকছেন তা স্পষ্ট করা হয়নি।
মার্ভেল এরই মধ্যে এনেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার ট্রেলার। অভিনয়ে থাকছেন হ্যারিসন ফোর্ড আর এ সিনেমায় ক্যাপ্টেনের পোশাক পরেছেন অ্যান্টনি ম্যাকি। সুতরাং ক্যাপ্টেন চরিত্রে ক্রিসের ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি অন্য কোনো চরিত্রেই ফিরবেন। তবে কয়েকটি গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে, ক্যাপ্টেনের পোশাক না পরলেও স্টিভ রজার্স চরিত্রে ফিরতে পারেন ক্রিস ইভান্স।
মার্ভেল এ বছর এনেছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। সিনেমাটি দর্শক পছন্দ করার পাশাপাশি এখন পর্যন্ত মার্ভেলের অন্যতম হিট ও বেশি আয় করা সিনেমার তালিকায়ও আছে। সেখানে ক্রিস ইভান্সের ক্যামিও ছিল স্টিভ রজার্স হিসেবে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, এ চরিত্রে তাকে ফেরানো হলে অবাক হওয়ার কিছু নেই।
তবে রুশো ব্রাদার্সের হাতে সিনেমা পরিচালনার ভার হওয়ায় অনেকেই ইতিবাচক ধারণা রাখছেন। কেননা তারাই মার্ভেলের সেরা সিনেমাগুলো উপহার দিয়েছেন। এর মধ্যে আছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’, ‘সিভিল ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মার্ভেলের পড়তি দশা থেকে এ সিনেমাটিক ইউনিভার্সকে নতুন জায়গায় তারা নিতে পারবেন বলেই সবার ধারণা। ক্রিস ইভান্সকেও উপযুক্ত চরিত্রে কাস্ট করা তাদের পক্ষে সম্ভব।
সূত্র: ডেডলাইন










