তিনি নিজেই পরিচয় অপ্রকাশ্য রাখতে চান। সদবি’জ থেকে বিক্রি হওয়া আরেকটি চিত্রকর্মের ক্রেতার সন্ধান পাওয়া গেছে। তিনি নিজেই দিয়েছেন। ২ কোটি ডলারে সদবি’জের নিলাম থেকে একটি চিত্রকর্ম কিনেছেন তাইওয়ানের পপ তারকা জে চৌ। তিনি কিনেছেন অঁরি মাতিসের ‘লা সিয়ে দু মাতা’।
গত সপ্তাহে চৌ ইনস্টাগ্রামে জানান যে তিনি অঁরি মাতিসের ১৯২৪ সালের আঁকা ‘লা সিয়ে দু মাতা’র বিজয়ী দরদাতা ছিলেন। ছবিটি গত মঙ্গলবার সদবি’জের আধুনিক শিল্পকর্মের সান্ধ্য নিলামে তোলা হয়েছিল। অন্যান্য ফি ছাড়া ঠিক ২ কোটি ডলারে বিক্রি হয় চিত্রকর্মটি। ফিসহ এর মূল্য দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ডলারে। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২-৩ কোটি ডলারের মধ্যে।
তবে ওই নিলামের সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেনি এ কাজ। বরং একই নিলামে তোলা মাতিসের আরেকটি ‘ল্যা ক্যাসে লোরেইন’ (আনুমানিক ১৯১৯ সাল) আলোড়ন তোলে। এর ভিত্তিমূল্য ২ কোটি ৫০ লাখ ডলার ধরা হয়েছিল। কিন্তু নিলামে সেটি ৪ কোটি ৮৪ লাখ ডলারে বিক্রি হয়। কাজটির জন্য দরকষাকষি চলে টানা ১০ মিনিটেরও বেশি সময়।
তবে চৌ নিজের মাতিস চিত্রকর্মটি জিতেছিলেন একটি গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে। নিউইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুযায়ী, এর ফলে তিনি ক্রয়মূল্যের ওপর ৮ লাখ ডলারের রিবেট (ছাড়) পান।
চৌ প্রায়ই তার ইনস্টাগ্রামে শিল্পকলা নিয়ে লেখেন বা শিল্পকর্মের ছবি পোস্ট করেন। গত সপ্তাহের পোস্টে তিনি লিখেছিলেন, ‘যখন আমি নিস শহরে ছিলাম, তখন প্রায়ই অঁরি মাতিসের বাড়ির নিচে দাঁড়িয়ে জানালার পাশের বারান্দার দিকে তাকিয়ে থাকতাম। কল্পনা করতাম, হয়তো কোনো একদিন তিনিও সেখানে দাঁড়িয়ে নিসের রোদেলা দৃশ্যের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতেন, তারপর আবার স্টুডিওতে ফিরে গিয়ে কাজ শুরু করতেন। আমি তখন স্বপ্ন দেখতাম, একদিন তার নিস-পর্বের কোনো একটি কাজ সংগ্রহ করতে পারব। কখনো ভাবিনি, আজ সেই স্বপ্ন সত্যি হয়ে যাবে।’
পোস্টটির সঙ্গে ছিল চিত্রকর্মটির একটি সংক্ষিপ্ত ভিডিও।
সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চৌ একজন সুপরিচিত শিল্পসংগ্রাহক। তার সংগ্রহে রয়েছে পাবলো পিকাসো ও জঁ-মিশেল বাসকিয়ার মতো শিল্পীদের কাজ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, কনসার্ট সফর থেকে আয়ের একটি বড় অংশ তিনি শিল্পকর্ম কেনার পেছনে ব্যয় করেন।
২০০০-এর দশকের শুরু থেকেই চীনা ভাষার সংগীতজগতে চৌ অন্যতম জনপ্রিয় শিল্পী। তাইওয়ান ও চীনে তার অসংখ্য বেস্টসেলিং অ্যালবাম রয়েছে। চলতি বছরের মার্চে তিনি তার ১৬তম অ্যালবাম চিলড্রেন অব দ্য সান প্রকাশ করেছেন।
সূত্র: আর্টনিউজ










