বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নাট্যকার ও চিত্রশিল্পীও। আজ বিপাশা হায়াতের জন্মদিন। এই মুহূর্তে দেশে নেই তিনি। স্বামী সন্তানের সঙ্গে তিনি আমেরিকায় আছেন। বিপাশার জন্মদিন উপলক্ষে তার বাবা অভিনেতা, নাট্যকার, নাট্যনির্মাতা আবুল হায়াত বলেন, ‘দেখতে দেখতে বিপাশা ৫৪ বছরে পা দিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যখন উত্তাল সারা দেশ, সে সময়ের আজকের দিনে বিপাশার জন্ম। আমি তখন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। ২৩ মার্চ আমার স্ত্রীর কোল জুড়ে জন্ম নিল বিপাশা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালেই তার জন্ম। সে উত্তাল সময়ে তার জন্মের পর মালিবাগে বাসায় গিয়ে সেখান থেকে পুরো পরিবারসহ পাঁচ মাইল পায়ে হেঁটে বিপাশার মা তাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে আমার শশুরবাড়ি গিয়েছিল। কারণ মুক্তিযুদ্ধের সে সময়টায় শহর থেকে তখন গ্রামই ছিল নিরাপদ। সাতদিন পর হাসপাতাল থেকে ফিরে গিয়ে আমি বিপাশার মুখ প্রথম দেখি। সেই বিপাশা ৫৪-তে পা দিল। আমি গর্ব করেই বয়সটা উল্লেখ করি। কারণ মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়েই আমার বিপাশার জন্ম।’ জন্মদিন এলে নিশ্চয়ই বিপাশা হায়াতকে মিস করেন, এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন, ‘গত বছরই আমার বই প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে বিপাশা দেশে এসেছিল। তখন তার আম্মার চোখের অপারেশন হলো। মায়ের পাশে থেকে মায়ের চিকিৎসার পুরো দায়িত্বটা কাঁধে নিয়ে সবকিছু ঠিকঠাকমতো করে দিয়েই আবার আমেরিকায় ফিরে যায়। সেই সময়টায় কিন্তু সে না এলেও পারত, কিন্তু এই যে আমার বই প্রকাশনা, মায়ের চোখের চিকিৎসা, সবকিছু মিলিয়ে ওর মনটাও আসলে মানছিল না। তাই সুদূর আমেরিকা থেকে ঢাকায় চলে এসেছিল। এটা পরম সত্যি যে সন্তান পাশে থাকলে বাবা-মায়ের মনটাই আসলে অন্য রকম থাকে, শান্তি কাজ করে। ভীষণ সাহস আর জোর থাকে মনের ভেতর। বিপাশা নেই, কেমন যেন শূন্যতা লাগে। দূর থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আল্লাহ তাকে তার স্বামী সন্তানকে ভালো রাখুন, সুস্থ রাখুন। শুভ জন্মদিন বিপাশা, আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি। ভীষণ মিস করি তোমায়।’