বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তার অভিনীত প্রতিটি নাটকেই অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। নাটকগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অভিনয় জীবনের শুরুতেই সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নাজনীন নীহা ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেছিলেন। এরই মধ্যে ২০২৪ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘তখন যখন’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননায় ভূষিত হন।
এদিকে ভ্যালেন্টাইন ডেতে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত ভালেন্টাইন ডের বিশেষ নাটক মন দুয়ারী। এতে নীহা অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এ সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে। নাটকে দর্শক নতুন এক নীহাকে দেখবেন, জানালেন তিনি। নির্মাতা জাকারিয়া সৌখিন তাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এ নাটকে অপূর্বকেও দর্শক একেবারেই ভিন্ন রূপে দেখবে। নীহা জানান, নাটকের গল্পটি বেশ চমৎকার। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, সব মিলিয়ে আশা করা যাচ্ছে মন দুয়ারী হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইন ডের সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক। তাই তার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস-আনন্দ কাজ করছে।
তিনি বলেন, ‘অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালো লাগত। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। অবশেষে সৌখিন ভাই ও সিএমভি আমাকে সে সুযোগ করে দিয়েছে। যে কারণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সৌখিন ভাইয়ার কাছে। কারণ টানা ১৩ দিন এ নাটকের শুটিং হয়েছে। অপূর্ব ভাইয়া ও সৌখিন ভাইয়া আমাকে অভিনয়ের অনেক কিছুই শিখিয়েছেন, অভিনয় আরো ভালো হওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। মন দুয়ারী সব মিলিয়ে খুব ভালো হয়েছে। যে কারণে আমার মনে হচ্ছে, এবারের ভ্যালেন্টাইনে দর্শক এ নাটকেই বুঁদ হয়ে থাকবেন।’










