‘‌নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৫’-এর দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ প্রযোজনার চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেলিম আল দীনকে উৎসর্গ করে আজ বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাঙলা নাট্যরীতিতে নির্মিত স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-এর দুটি এবং আগামীকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দর্শকনন্দিত মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যের ধারায় গবেষণাগার পদ্ধতিতে নির্মিত চিত্রাঙ্গদা ও ম্যাকবেথ দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের ছাত্র জাহিদ রিপন। এছাড়া থাকবে নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলাচত্বর সজ্জা, নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা প্রভৃতি। এর আগে ১৪ জানুয়ারি উৎসবের প্রথম পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ প্রভৃতি সম্পন্ন হয়েছে।

উৎসবের দ্বিতীয় পর্বে আজ ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) ‘২৩তম ভারত রঙ্গ মহোৎসব’-এ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১১২ ও ১১৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রদর্শনীতে উদ্বোধনী বক্তব্য রাখবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী।

আগামীকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনী-পুনর্বিন্যাসে ব্যতিক্রমী মূকনাট্য ম্যাকবেথের ১৫ ও ১৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।