নতুন বছরের পাঁচদিন পার হলো। এর মধ্যে নতুন সিনেমা মুক্তি পাওয়ার কথা নয়। মুক্তি পায়নি উল্লেখযোগ্য কোনো সিনেমা। গত বছরের শেষে আসা ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ও ‘সনিক দ্য হেজহগ থ্রি’ দিয়েই বক্স অফিস চলছে। শুরুটা খারাপ হলেও সময়ের সঙ্গে এগিয়ে গেছে মুফাসা: দ্য লায়ন কিং। বছরের শুরুটা আসলে এ সিনেমারই। সনিককে টপকে গেছে সে বক্স অফিসে।

মুফাসা: দ্য লায়ন কিং মূলত ‘লায়ন কিং’-এর প্রিকুয়াল। আমাদের চেনা লায়ন কিংয়ের আগের গল্পটা পাওয়া যাচ্ছে এ সিনেমায়। গত শুক্রবার এটি আয় করেছে ৭৬ লাখ ডলার। এ নিয়ে এ অ্যানিমেশন সিনেমার মোট আয় হলো ১৫ কোটি ডলার। অভ্যন্তরীণ আয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা সিনেমাগুলোর মধ্যে এর অবস্থান এখন ১৫তম।

তবে মুফাসার শুরুটা ভালো ছিল না। একে তো সিনেমাটা নিজ স্থান থেকে খুব বেশি ভালো করছিল না, অন্যদিকে সনিকের কারণেও মুফাসার ব্যবসা কম হচ্ছিল। অন্যদিকে স্বাভাবিকভাবেই তুলনা চলে আসে লায়ন কিংয়ের অরিজিনাল সিনেমার সঙ্গে। ২০১৯ সালে মুক্তি পাওয়া লায়ন কিং মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছিল ১৯ কোটি ডলারের বেশি। সে কারণেই বলা যায়, মুফাসা তার সম্ভাবনার সমান আয় করেনি।

শুক্রবারের হিসাব মতো গত সপ্তাহে ‘সনিক দ্য হেজহগ থ্রি’ আয় করেছে ৬৯ লাখ ডলার। তৃতীয় সপ্তাহ শেষ করে সিনেমাটির আয় দাঁড়াল ১৭ কোটি ডলার। আশা করা যাচ্ছে, এটি ২০ কোটি ডলার আয় করে ফেলবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তৃতীয় অবস্থানে আছে ‘নসফেরাতু’। ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ নিয়ে অনেক অ্যাডাপশনই হয়েছে। নসফেরাতু তার নবমতম সংস্করণ। সিনেমাটি গত শুক্রবার আয় করেছে ৪২ লাখ ডলার। আগের সপ্তাহের তুলনায় এর আয় কমেছে ৪২ শতাংশ। ‘মোয়ানা টু’ আছে চতুর্থ অবস্থানে। সিনেমাটি আয় করেছে ৪১ লাখ ডলার। সপ্তাহের শুরুতে এর বৈশ্বিক মোট আয় ৯০ কোটি ডলার ছাড়িয়েছিল। এটি ১০০ কোটি ডলার আয় করবে এমন ধারণা অনেকেরই।

হলিউড বক্স অফিসের ২০২৫ এভাবেই শুরু হলো। মূলত নতুন কোনো সিনেমা না আসা ও গত বছরের শেষে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় শুরুটা ধীর গতিরই হলো।

সূত্র: ভ্যারাইটি