এপ্রজন্মের অভিনয় শিল্পী পার্থ শেখ ও আইশা খান। ধীরে ধীরে দর্শক পরিচিতি পাচ্ছে এ জুটি। এ জুটির বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক রয়েছে, যা দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেছে। এবার পার্থ-আইশা জুটিবদ্ধ হয়ে এসেছেন ‘তবুও এসেছিলো প্রেম’ নামে নতুন একটি নাটকে।

অহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি শুটিং শেষ হওয়া এ নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল।

গল্পে দেখা যাবে, ভার্সিটি পড়ুয়া পার্থ শেখের একটি ফুলের দোকান রয়েছে। সেখানে পরিচয় হয় অভিজাত পরিবারের রাশভারী স্বভাবের মেয়ে আইশা খানের সঙ্গে। এখান থেকে গল্প বিভিন্ন টার্ন ও নাটকীয়তার মোড় নেয়।

নাটকটি দর্শকরা তৃপ্তি নিয়ে উপভোগ করবেন বলে জানান পার্থ। তিনি বলেন, ‘অনেক ধরনের গল্পে কাজ করা হচ্ছে। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি তবুও এসেছিলো প্রেম-এর গল্পটা শুনেই আমাকে টেনেছিল। আমি আশাবাদী কাজটি নিয়ে।’

স্যাড রোমান্টিক এ নাটক নিয়ে অভিনেত্রী আইশা খান বলেন, ‘গত বছরের শেষ দিক থেকে চেয়েছিলাম গল্প চরিত্র পছন্দ না হলে কাজ করব না। সেদিক থেকে তবুও এসেছিলো প্রেম আমার পছন্দের স্ক্রিপ্ট। সৌভাগ্যবশত এমন ব্যতিক্রমী গল্পই আমার বছরের শুরুতে কাজ করা হচ্ছে।’

মাকসুদুর রহমান বিশাল জানান, গত দেড় মাস এ গল্পটি নিয়ে প্রি-প্রডাকশনে কাজ করেছেন। তিনি বলেন, ‘গল্পটা আমাকে এত টেনেছে যে কবে নির্মাণ করব ভেতরে একটা তাড়না অনুভব করছিলাম। অবশেষ শুটিং করে ফেললাম। ভ্যালেন্টাইনে নাটকটি দর্শক দেখতে পারবেন।’