সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হেনা কোথায়?’ মিমটা বেশ ভাইরাল হলো কয়েক দিন ধরে। মূলত বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটা দৃশ্য থেকে তৈরি হয়েছে এ মিম। হঠাৎ কেন এ মিম ভাইরাল, তার কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না। তবে হেনাকেন্দ্রিক আলোচনা চলমান থাকতেই এল নতুন ঘোষণা। বাপ্পারাজ ফিরছেন। তিনি ফিরছেন একটি ওয়েব ফিল্ম দিয়ে। নাম ‘রক্তঋণ’। মিডনাইট স্টুডিও টিমের গল্পে ফিল্মটি নির্মাণ করেছেন মোস্তফা খান সিহান। গতকাল এসেছে এর ফার্স্ট লুক। বাপ্পারাজকে নতুন করে দেখা গেল সেখানে।
১ মিনিট ২০ সেকেন্ডের টিজার বা ফার্স্ট লুকটিতে নতুনত্ব আছে। টিজার শুরু হয় ‘প্রেমের সমাধি’ গান দিয়ে। বাপ্পারাজ তার টেবিলে বসা, সেখানেই রেডিওতে বাজতে থাকে গানটি। টেবিলে চায়ের কাপ, ওয়াকি টকি, সার্ভিস পিস্তল ইত্যাদি। বোঝাই যায়, বাপ্পারাজ এ সিনেমায় পুলিশ অফিসার। নাম সায়েম জব্বার।
ওয়েব ফিল্মটির পরিচালক (তার ভাষায় কারিগর) মোস্তফা খান সিহান জানান, রক্তঋণের শুটিং চলমান। এ নিয়ে তিনি বণিক বার্তাকে বলেন, ‘সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ, শাহেদ আলী সুজন, আরশ খান ও আরো অনেকে। সবার নাম এখনই প্রকাশ করতে চাই না। সিনেমার শুটিং শুরু করি প্রায় চার-পাঁচ মাস আগে। এখনো কাজ চলছে আমাদের।’
বাপ্পারাজকে নতুন অবতারে এনেছেন নির্মাতা। তাদের পরিকল্পনা ছিল একটা সাইকো থ্রিলার নির্মাণের। সেখানে বাপ্পারাজকেও নিয়ে এলেন নতুন অবতারে। সিনেমার অগ্রগতি সম্পর্কে সিহান বলেন, ‘আমরা এখনো নির্দিষ্ট দিন-তারিখ বা প্লাটফর্ম ঠিক করিনি। চেষ্টা করছি শুটিংটা যেন সুন্দরমতো শেষ করতে পারি। কাজটা ভালো করার ইচ্ছা আমাদের। তবে এটা বলতে পারি, আমরা আগামী উইন্টারে নিয়ে আসতে পারব রক্তঋণ।’
মোস্তফা খান সিহান তরুণ নির্মাতা। পরিচালনা ও সম্পাদনা করে থাকেন। এর আগে তিনি দুটো নাটক নির্মাণ করেছেন। চ্যানেল আইয়ে প্রচার হয়েছে নাদিয়া নদী ও মনোজ প্রামাণিক অভিনীত ‘নিয়তি’। বলা যায় রক্তঋণ তার প্রথম বড় কাজ। এটি মিডনাইট স্টুডিওর প্রযোজনায় নির্মিত। সংগীত পরিচালনা করেছেন আমির মোস্তফা খান।
হেনা নিয়ে মিমের পর গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন বাপ্পারাজ। টিজারের একটি সংলাপ বেশ জনপ্রিয় হয়েছে এরই মধ্যে, যেখানে বাপ্পারাজ বলেন, ‘অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’










