কমল হাসান আসছেন ইন্ডিয়ান টু নিয়ে। নতুন খবর হলো, তার বিপরীতে খলনায়ক হিসেবে দেখা যাবে তামিল ছবির জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিকে।
গুণী অভিনেতা কমল হাসানের ভক্তরা অপেক্ষায় আছেন তার পরবর্তী ছবি ইন্ডিয়ান টুর জন্য। ছবিটি পরিচালনা করছেন শঙ্কর। এটি হবে ১৯৯৬ সালে একই নামে মুক্তি পাওয়া ছবির সিক্যুয়াল। ইন্ডিয়ান টুর শুটিং শুরু হয়ে গেছে। নির্মাতারা আগামী বছরই ছবিটি মুক্তি দিতে চাচ্ছেন।
দুই মাস আগে কমল হাসান তার ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। একই সঙ্গে এ বছরই তিনি চলচ্চিত্র জগতে পার করলেন ৬০ বছর। তথ্যটা বিস্ময় জাগায় তো বটেই! মাত্র চার বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে নাম লিখিয়েছিলেন তিনি। চলচ্চিত্রে কমল হাসানের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয় সেতুপতি জানান, তাকে ইন্ডিয়ান টু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু সময়সূচি মেলাতে না পারায় তিনি কাজটি গ্রহণ করতে পারেননি। এরপর সেতুপতি কমল হাসানকে অনুরোধ করেন ইন্ডিয়ান টু ছবিতে তাকে আরেকটা সুযোগ দিতে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেতুপতির ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এবার তিনি ইন্ডিয়ান টু ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হতে যাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়া একটি সূত্রকে উদ্ধৃত করে নিশ্চিত করেছে, ইন্ডিয়ান টু ছবিতে একটি খলচরিত্রে অভিনয়ের জন্য সেতুপতি চুক্তিবদ্ধ হয়েছেন। সেতুপতি তার শুটিং শুরু করবেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
বিজয় সেতুপতির ইন্ডিয়ান টুতে যুক্ত হওয়া নিশ্চিত হলেও তার চরিত্রটি সম্পর্কে এখনো বিশদ জানা যায়নি। বিভিন্ন সূত্র এটা জানাচ্ছে, চরিত্রটি ছবিতে অ্যান্টাগনিস্ট।
ইন্ডিয়ান টু তারকাবহুল ছবি। কমল হাসান, বিজয় সেতুপতি ছাড়াও ছবিতে আছেন কাজল আগারওয়াল, রাকুল প্রীত সিং।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া










