দুবাইয়ে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানকার গ্লোবাল ভিলেজের এক ঝমকালো আসরে উপস্থিত হয়ে মুগ্ধ করলেন দর্শককে। এরই মধ্যে তার কয়েকটি ভিডিও ও আলোকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন, ‘আমি আর এক বছর পর ৬০ বছর বয়সে পা রাখব। কিন্তু দেখ, এখনো আমাকে ৩০ বছর লাগে। আমি শুধু বলতে চাই, আমি কিছু বিষয় ভুলে যাই।’
আলোচনার এক পর্যায়ে শাহরুখ তার পরবর্তী সিনেমা ‘কিং’ প্রসঙ্গেও কিছু কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি শুধু এখানেই শুটিং করছি, বিষয়টা এমন নয়। মুম্বাইয়ে গিয়েও শুটিং করব। পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া। তিনি জানিয়ে দিয়েছেন, সিনেমার ব্যাপারে কিছু বলা যাবে না। কী করছি, তার ব্যাপারেও কিছু বলা যাবে না। তাই আপাতত কিছু বলতে পারছি না। তবে আশ্বস্ত করতে পারি, কাজটা দারুণ হবে। আমি সিনেমায় হরেক কিসিমের নাম ব্যবহার করেছি। এখন নামের গল্প শেষ। কিং সিনেমায় শাহরুখ খান শাহরুখ খান হিসেবেই থাকবে। বিষয়টা একটু অহংকারের মতোও।’
যখন হোস্ট শাহরুখকে ‘বিল্লু’ সিনেমায় তার চরিত্রের নাম সম্পর্কে প্রশ্ন করেন, তিনি দর্শকের কাছে জানতে চান। দর্শক তার নাম চিৎকার করে বলতে থাকে। শাহরুখ হোস্টকে বলেন, ‘আমি জানি। কাউকে জিজ্ঞাসা করিনি। বিল্লু সিনেমায় আমার নাম ছিল সেহির খান।’ এরপর শাহরুখ দুনিয়ার সব মানুষের উদ্দেশে বলেন, ‘সবার উচিত যাদের সঙ্গেই সাক্ষাৎ হোক, তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা প্রদর্শন করা। উচিত নারীদের শুনতে ও বুঝতে চাওয়া।’
অনুষ্ঠানে শাহরুখ তার সিনেমার চমকপ্রদ কিছু লাইন আবৃত্তি করেছেন। পারফর্ম করেছেন গানের সঙ্গে। যেন ফিরিয়ে এনেছেন ‘জওয়ান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডন’, ‘জাব তাক হ্যায় জান’-এর স্মৃতি। যখন তিনি ‘চামাক ছালো’, ‘ঝুমে জো পাঠান’ ও ‘ছাইয়া ছাইয়া’ গানের সঙ্গে নাচতে শুরু করলেন, তখন দর্শক ও ভক্তরাও সঙ্গে যোগ দেয়। আসর আরো জমে ওঠে, যখন তিনি কয়েকজন ভক্তকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদের সঙ্গে কথা বলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










