ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। গত বুধবার ভারতের গোয়া শহরে এটি শুরু হয়েছে। এ উৎসবে দেশ-বিদেশের সিনেমার প্রদর্শনীর পাশাপাশি থাকে অভিনেতা, নির্মাতাদের নানা সেশন, মাস্টারক্লাস ও সেমিনার। তেমনই একটি মাস্টারক্লাসে ছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি সিনেমার নানা বিষয় নিয়ে এ সময় কথা বলেন। তার মধ্যে তিনি গুরুত্ব দিয়েছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের। মনোজ মনে করেন এখন এ ধারার সিনেমার বাজার পড়তির দিকে।
মনোজ একজন পরীক্ষিত অভিনেতা। তিনি বহু নির্মাতার সঙ্গে কাজ করেছেন। মনোজের আরেকটি বিষয় হলো তিনি নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে পিছপা হন না। এ নিয়ে অভিনেতা বলেন, ‘গ্যাংস অব ওয়াসিপুরে অভিনয় করার সময় অনুধাবন করেছি যে আমি যা চাই, ইন্ডাস্ট্রি তা দেবে না। যে ধরনের চরিত্র, চিত্রনাট্য প্রয়োজন ইন্ডাস্ট্রিতে তা তৈরি হচ্ছিল না। যারাও করছিলেন, তাদের সুযোগ দেয়া হচ্ছিল না। তখনই মনে হয়েছিল, আমাকে আমার মতো করে পরিচালক খুঁজে নিতে হবে। সেটাই এরপর করেছি।’
অনেকেই বলে থাকেন জীবন ৪০ বছর বয়সের পর শুরু হয়। মনোজের ক্ষেত্রেও সে রকমই হয়েছিল। ওই বয়সে এসেই নতুন ধারার চিত্রনাট্য পেতে শুরু করেন। সে সময় মনোজ নিজে ইউটিউবে অনেক শর্ট ফিল্ম দেখেছেন এবং সেখান থেকে নতুন পরিচালক বাছাই করতেন। সেখান থেকেই পেয়েছেন দীপেশ জৈন ও কানু ব্যেহলকে। মূল ধারার সিনেমা নিয়ে তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে মূল ধারার সিনেমায় অভিনয় করতে আমি পছন্দ করি না।’
তবে মনোজ মনে করেন এখনো আসলে মূল ধারার বাণিজ্যিক সিনেমাই বাজারে ও দর্শকের কাছে বেশি গুরুত্ব পায়। স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সেভাবে কিছু করতে পারছেন না। এ নিয়ে মনোজ বাজপেয়ী বলেন, ‘আমার মনে হয় তারা এখন তলানির মতো পড়ে আছে। আমরা অনেকেই ভেবেছিলাম ওটিটি প্লাটফর্ম আসার পর স্বাধীন চলচ্চিত্র এগিয়ে যাবে। কিন্তু সত্যি হলো এখন আর ওটিটি প্লাটফর্ম সৃজনশীল নির্মাতা ও কাজকে স্বাগত জানাচ্ছে না।’
পুরো বিষয়টি নিয়ে মনোজ একটু মনঃক্ষুণ্নই। কোনো কিছুই যেন এখন আর নিশ্চিত না। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা একটা অনিশ্চিত সময়ে বাস করছি। তবে আমার বিশ্বাস স্বাধীন চলচ্চিত্র যে যাত্রা করেছিল তা আবার নতুন করে শুরু হবে। কেননা সিনেমা যে সংজ্ঞা নিয়ে শুরু হয়েছিল তা একমাত্র স্বাধীন চলচ্চিত্রেই এখন দেখা যায়।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










