বাবা-ছেলের দ্বন্দ্ব, দূরত্বের গল্প দেখা যায় সিনেমায়। বাবা-মেয়ের গল্প বলতে সেখানে নৈকট্য ও ভরসার জায়গাটিই বেশি দেখা যায়। তবে জটিলতা থাকে না এমন না। জটিলতার তেমনই এক গল্প ‘দ্য ফিনিশিয়ান স্কিম’। সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বেনিসিও দেল তরো ও মিয়া থ্রেপলেটন। সিনেমাটি পরিচালনা করছেন ওয়েস অ্যান্ডারসন। তারকাবহুল কাস্ট নিয়ে ফিরছেন এ নির্মাতা।
এ সিনেমায় দেল তরো অভিনয় করছেন একজন বড় ব্যবসায়ীর চরিত্রে। নাম সা-সা কোরদা। তিনি ইউরোপের অন্যতম বড় ব্যবসায়ী। তার মেয়ের চরিত্রে থ্রেপলেটন। এছাড়া মাইকেল সেরা অভিনয় করছেন এ সিনেমায়। এখানেই শেষ নয়। আছেন টম হ্যাংকস, ব্রায়ান ক্র্যানস্টন, জেফ্রি রাইট, রিজ আহমেদ, স্কারলেট জোহানসন, রিচার্ড আয়োডে, ম্যাথিউ অ্যামালরিক, রুপার্ট ফ্রেন্ড, হোপ ডেভিস ও বেনেডিক্ট কাম্বারব্যাচ।
দ্য ফিনিশিয়ান স্কিম শুট করা হয়েছে জার্মানিতে। ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন রোমান কপোলা। সিনেমার সংগীত করেছেন আলেক্সান্দ্রে ডেসপ্ল্যাট। অর্থাৎ পুরো সিনেমাতেই ওয়েস অ্যান্ডারসনের পরিচিত ধারা ছড়ানো থাকছে।
দ্য ফিনিশিয়ান স্কিম প্রযোজনা করছে আমেরিকান ইম্পেরিকাল পিকচার্স। সহ-প্রযোজক হিসেবে থাকছেন জেরেমি ডসন, জন পিট ও খোদ ওয়েস অ্যান্ডারসন। সিনেমাটি বিপণন করবে ফোকাস ফিচারস। অ্যান্ডারসনের অ্যাস্টেরয়েড সিটি ও মুনরাইজ কিংডমের বিপণনও করেছিল তারা। ২০২৪ সালে অস্কারে শর্ট ফিল্ম বিভাগে ওয়েস অ্যান্ডরসন পুরস্কৃত হয়েছিলেন তার ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’ দিয়ে। এর আগে তার দুটো ফিচার ফিল্ম ছিল ২০২৩ সালের ‘অ্যাস্টেরয়েড সিটি’ ও ২০২১ সালের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ’।
ওয়েস অ্যান্ডারসন তার সিনেমায় ভিজুয়ালের জন্য বিখ্যাত। নিজস্ব ধারার ভিজুয়াল দিয়ে থাকেন। তার ফিল্মোগ্রাফির দিকে তাকালে ধারাটি চেনা যায়। ওয়েস অ্যান্ডারসন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি সিনেমা নির্মাণের ক্ষেত্রে নিজের স্বর ও স্টাইলকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি সিনেমার ক্ষেত্রেই চিন্তা করি আমি নতুন কী দিতে পারছি। একটা সিনেমায় আমার সেরাটা দেয়ার ইচ্ছা থাকে। কাস্টিংয়ের ক্ষেত্রেও সেরা অভিনেতাদেরই একত্রে এনে কাজটা করার সর্বোচ্চ চেষ্টা থাকে। তারপর দর্শক সিনেমাটি দেখে বলতে পারে এটা আমার বানানো সিনেমা।’
দ্য ফিনিশিয়ান স্কিম নিয়ে ওয়েস অ্যান্ডারসন আসছেন আগামী ৩০ মে। স্বল্প পরিসরে সিনেমাটি মুক্তি পাবে এদিন। এরপর আরো বড় পরিসরে আসবে ৬ জুন।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










