দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছরে দেশীয় কোনো কাজে তেমন দেখা যায়নি এ অভিনেত্রীকে।
এখন দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন তিনি। ভারতের পর্দায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বেশ কয়েকটি ভারতীয় সিনেমায়ও অভিনয় করেছেন। এদিকে এ সপ্তাহে আশফাক নিপুণ পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় শুরুর কথা রয়েছে তার। এছাড়া বিজয়ের মাসে ২৭ ডিসেম্বর ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বড় পর্দায় আসছেন এ অভিনেত্রী।
এরই মধ্যে আরেকটি সুখবর দিলেন জয়া আহসান। এবার রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার আরেক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জয়া আহসান তার সিনেমা নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা আমার জন্য আনন্দের ছিল। সিনেমাটি রটারড্যাম উৎসবে নির্বাচিত হয়েছে, এটি আমাদের জন্য ভালো লাগার বিষয়।’
পরিচালক সুমন মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এ সিনেমা পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন সিনেমাটি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’
আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে সিনেমাটির প্রিমিয়ার হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
জয়া আহসান ছাড়াও সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে এটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতিসহ অনেকে।
দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। গত ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়।










