পর্দা উঠেছে সানড্যান্স চলচ্চিত্র উৎসবের। বিনোদন দুনিয়ার এ বৈশ্বিক উৎসবের এবারের আসরে স্ট্যান্ডিং ওভেশন ও বিপুল প্রশংসা পেয়েছে ইউক্রেনের চলচ্চিত্র ‘২০০০ মিটারস টু আন্দ্রিভকা’। পরিচালক মিস্তিসলাভ চেরনভ ডকুমেন্টারি ফিল্মটি তৈরি করেছেন ইউক্রেনের চলমান যুদ্ধাবস্থাকে ঘিরে।

২০২৩ সালে চেরনভের ‘২০ ডেজ ইন মারিউপল’ সিনেমা অস্কার পুরস্কার জেতে। বিভিন্ন আন্তর্জাতিক আসরে হয় প্রশংসিত। তালিকায় সানড্যান্স আসরেরও নাম রয়েছে। দুই বছর পর নতুন নির্মাণ নিয়ে এগিয়ে এসেছেন তিনি। তবে টোয়েন্টি ডেজ ইন মারিউপল মূলত বেসামরিক নাগরিকদের কেন্দ্র করে নির্মিত, যারা যুদ্ধের প্রথম দিকে নিহত কিংবা আহত হন। অন্যদিকে ২০০০ মিটারস টু আন্দ্রিভকা ফিল্মে চেরনভ দেখাতে চেয়েছেন ২০২৩ সালের যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের সৈন্যদের অবস্থা। ফিল্মটি নিয়ে চেরনভ বলেন,”‘আমি সত্যিই চাই, হতাহতের সংখ্যা ও দূরত্বের একটা অর্থ থাক, যেগুলো এখন কেবল কোনো পরিসংখ্যানের একটা সংখ্যা মাত্র। এ কারণেই এ চলচ্চিত্রের অস্তিত্ব।’

১০৬ মিনিটের চলচ্চিত্রটি প্রযোজনা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস ও পিবিএস ফ্রন্টলাইন। তার আগের চলচ্চিত্রের মতো ২০০০ মিটারস টু আন্দ্রিভকা অধ্যায় ধরে এগিয়ে যায়। ক্যামেরা এগিয়ে যায় আন্দ্রিভকা গ্রামের দিকে। চেরনভ তার প্রকল্পটি শুরু করেছিলেন ২০ ডেজ ইন মারিউপল প্রদর্শনীর ঠিক পর পরই। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘যখন আমি শুটিং শুরু করি, তখন পরিস্থিতি ভালো দিকে যাচ্ছিল না। যুদ্ধ চলতে থাকায় এবং আরো জীবন হারাতে থাকায় প্রকল্পটির তাৎপর্য বদলে যেতে থাকে। আসলে সিনেমাটি তৈরির পথে এর অর্থ অনেকবার পরিবর্তন হয়েছে। কারণ তৈরি করার সময় পরিচিত অনেক মানুষ মারা যাচ্ছিল।’

২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুদ্ধের তিন বছর পূর্ণ হতে চলেছে। অথচ কোনো পক্ষের মধ্যেই সুর নরম করার কোনো লক্ষণ নেই। প্রদর্শনী চলাকালে চেরনভ কোনো ধরনের বিশেষ বার্তা দেয়া থেকে নিজেকে দূরে রেখেছেন। এক দর্শকের জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, ‘চলচ্চিত্রটি যুদ্ধের নথি হিসেবে টিকে থাক। আমি বার্তা পছন্দ করি না। আদেশ পছন্দ করি না। মানুষকে নৈতিকতা শেখানো পছন্দ করি না। প্রশ্ন পছন্দ করি।”যা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল..., তা হলো নামগুলোর গুরুত্ব। নামগুলোকে স্মরণ করা উচিত। এটি ইতিহাসের অংশ। প্রতিটি মানুষ, প্রতিটি নাম গুরুত্বপূর্ণ। আমি এটাই চাই। বাকি সবই প্রশ্ন।’

২০০০ মিটারস টু আন্দ্রিভকা সানড্যান্সে প্রদর্শিত হচ্ছে। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এদিকে সানড্যান্স চলচ্চিত্র উৎসবের এবারের আসর চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র ও ছবি: দ্য গার্ডিয়ান