গানের সঙ্গে গল্প, স্মৃতি ও আড্ডার মেলবন্ধনে সাজানো এ বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় এবারের আয়োজনে থাকছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে গানগুলো একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে সাজানো হয়েছে। ফলে অনুষ্ঠানটি কেবল সংগীত পরিবেশনায় সীমাবদ্ধ না থেকে একটি আবেগঘন অভিজ্ঞতায় রূপ নিয়েছে।

এবারের বিশেষত্ব হিসেবে চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান আমি নিঃস্ব হয়ে যাব, যা অনুষ্ঠানে বাড়তি আবেগ যোগ করেছে। চন্দন সিনহা জানিয়েছেন, এবারের পর্বে চমক হিসেবে থাকছে কবির বকুলের কণ্ঠেও তার একটি গান। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা দিয়েছে।

প্রথমবারের মতো এ আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। গানের ফাঁকে আলাপচারিতায় অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাদের অংশগ্রহণে শিল্পীজীবন, গানের পেছনের গল্প ও সৃষ্টির নানা দিক উঠে আসবে।

অনুষ্ঠানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘‌দর্শকের ভালোবাসাই তাকে তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত করেছে।’ তার ভাষায়, বকুল ভাই ও চন্দনদার সঙ্গে তার রসায়ন চমৎকার, তাই ইমরান-শোতে কাজটি তিনি সাবলীলভাবে করতে পারেন।