ক্রিস্টোফার নোলান ব্যস্ত ওডিসি নিয়ে। সিনেমাটি মহাকাব্যিক হতে যাচ্ছে। এমন একটি সিনেমায় অভিনয় করার ইচ্ছা থাকে সব অভিনেতার। এ সুযোগ হেলায় হারাবেন না কেউ। যেকোনো আর্টিস্টই চোখ বন্ধ করে লুফে নেবেন! কিন্তু ওডিসিতে অভিনয় করার জন্য বেন অ্যাফ্লেকের সিনেমাকে না বললেন ম্যাট ড্যামন।

নেটফ্লিক্সের জন্য ‘অ্যানিমেলস’ নামের থ্রিলার পরিচালনা করছেন বেন অ্যাফ্লেক। তিনি ড্যামনের দীর্ঘদিনের বন্ধু। এ সিনেমায় অভিনয় করার কথা ছিল ম্যাট ড্যামনের। কিন্তু ওডিসিতে সময় দেয়ার জন্য অ্যানিমেলস করতে পারবেন না তিনি।

সিনেমাটির কথা অনেক দিন ধরেই হচ্ছিল। ড্যামনের অভিনয় করার কথা প্রধান চরিত্রে। সব চূড়ান্তই ছিল। শেষ সময়েই সরে গেলেন ড্যামন। দুটি সিনেমা কাছাকাছি সময় শুট করার পরিকল্পনা থাকায় অ্যানিমেলস ছেড়ে যাওয়াই ঠিক মনে করলেন ড্যামন। সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালের এপ্রিলে লস অ্যাঞ্জেলেসে। অন্যদিকে নোলানের ‘দ্য ওডিসি’র শুটিং ফেব্রুয়ারির শেষের দিকে বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে শুরু হওয়ার কথা। তবে অ্যানিমেলস সিনেমায় অভিনয় না করলেও এর প্রযোজক হিসেবে থাকছেন ড্যামন। তিনি ও বেন অ্যাফ্লেক তাদের প্রযোজনা সংস্থা ‘আর্টিস্টস ইকুইটি’র মাধ্যমে আসন্ন এ সিনেমা প্রযোজনা করছেন, যেখানে নির্বাহী দায়িত্বে রয়েছেন দানি বার্নফেল্ড।

এদিকে ম্যাট ডেমন সরে যাওয়ায় অ্যানিমেলসের প্রধান চরিত্র করার দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন বেন অ্যাফ্লেক।

আ্যানিমেলস সিনেমায় আরো দেখা যাবে গিলিয়ান অ্যান্ডারসনকে। বেন অ্যাফ্লেক জানান, সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

সূত্র ও ছবি: ডেডলাইন