সাম্প্রতিক কিছু টুইটে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ঘোষণা দিয়ে স্পষ্ট করেছেন, তিনি রুশো ব্রাদার্সের ড্রামা সিরিজ সিটাডেল-এ অভিনয় করতে যাচ্ছেন। এতে তিনি জুটি বাঁধবেন গেম অব থ্রোনসখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে। অ্যামাজনের এ সিরিজটি ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এর মধ্য দিয়ে বলিউডের এ সুন্দরী হলিউডে নিজের আধিপত্য সম্পর্কে আরো জোড়ালো ধারণা দিলেন বলে মনে করছেন অনেকে।

প্রিয়াংকা চোপড়া সিটাডেল সিরিজে রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করবেন—সংবাদ মাধ্যম ভ্যারাইটির ওয়েবসাইটে প্রকাশিত এ-বিষয়ক একটি খবরের স্ক্রিনশট দিয়ে ইন্সটাগ্রামে চোপড়া নিজেই লিখেছেন, ‘এ নতুন সিরিজে দুর্দান্ত প্রতিভাধর ম্যাডেন রিচার্ড ও অবিশ্বাস্য রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করতে চলেছি। ভারত, ইতালি ও মেক্সিকো থেকে স্থানীয় ভাষায় নির্মিত হবে এটি। বহুমাত্রিক বৈশ্বিক এক বিষয়কে স্থানীয় ভাষার সঙ্গে মেলানো হবে। এটি নির্মিত হবে ইন্ডিয়া, ইতালি ও মেক্সিকোয়। সত্যিই এটি হবে এক বৈশ্বিক কনটেন্ট। এ বিষয়ে আরো বিশদ আসছে শিগগিরই।’ প্রিয়াংকার স্বামী নিক জোনাসও বেজায় খুশি হয়েছেন এমন খবরে। তিনি একটি ফায়ার ইমোজি দিয়ে প্রিয়াংকার পোস্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সিটাডেল নিয়ে খবর প্রকাশিত হলেও এর গল্প বা প্লট সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে বেশ কয়েকটি ভাষায় এটি মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে। সিটাডেল সিরিজটির নির্বাহী প্রযোজক ও লেখক হিসেবে দায়িত্ব পালন করবেন যশ অ্যাপোবাম, আন্দ্রে নেমেক, জেফ পিংকার ও স্কট রোজেনবার্গ। তারা ছাড়াও নির্বাহী প্রযোজকদের তালিকায় রয়েছেন প্যাট্রিক মোরান, মাইক লারোকা এবং জো ও অ্যান্থনি রুশো। ইতালিয়ান এ সিরিজের সহপ্রযোজক হিসেবে থাকছে অ্যামাজন স্টুডিওজ ও ক্যাটেলিয়া।

এদিকে গত ডিসেম্বরে প্রিয়াংকা চোপড়া ঘোষণা দিয়েছিলেন, তিনি ও নিক জোনাস অ্যামাজন প্রাইমের জন্য একটি সংগীত থিমের নাচের রিয়েলিটি শোর আয়োজন করবেন। যদিও সে শোর নাম ঠিক হয়নি। প্রিয়াংকা তখন বলেছিলেন, নিক জোনাস ও আমি একটি নতুন এবং এখনো নাম ঠিক করা হয়নি এমন একটি প্রকল্পের কথা ঘোষণা করতে চাই। বিয়ের আগের রাতে বন্ধু ও পরিবারের সবাই যেভাবে গান আর নাচের মাধ্যমে সময়টি উদযাপন করেন, সে সংগীতই আমাদের থিম হবে।

হলিউডে প্রিয়াংকা এর আগে এবিসির কোয়ান্টিকো এবং বেওয়াচ ও ইজন’ট ইট রোমান্টিক-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তাকে নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগার অ্যাডাপটেশনেও দেখা যায়। অন্যদিকে রিচার্ড ম্যাডেন মাত্রই শেষ করেছেন মার্ভেলের ছবি দি এটারনালস-এর।

 

সূত্র: ভ্যারাইটি