শেষ হওয়ার পথে ‘বেবি জন’ নিয়ে অপেক্ষার দিন। সংশ্লিষ্টদের মতো প্রচারণা নিয়ে ব্যস্ত বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ানও। প্রচারণার এক ফাঁকেই তিনি বলিউডের বর্তমান দশা নিয়ে খোলামেলাভাবে তুলে ধরেছেন নিজের মতো। বরুণ মনে করেন, সিনে ইন্ডাস্ট্রিতে পরিবর্তনকে মেনে নিতে পারাটা জরুরি। দরকার বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারা। তবে সেক্ষেত্রে তিনি স্বীকার করেছেন, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী অবস্থানে থাকা ব্যক্তিদের জন্য নতুনত্বকে মেনে নেয়াটা কঠিন হবে।
বলিউডে বৈচিত্র্যময় প্রতিনিধিত্বের অভাব নিয়ে কথা বলতে গিয়ে বরুণ ছোট শহরগুলোর প্রতিভা অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আগে এটা হতো। এখন হচ্ছে না। কারণ এখন শুধু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করাই কঠিন হয়ে যায়নি, পাশাপাশি সিদ্ধান্ত নেয়াও কঠিন হয়ে গেছে। এখন অনেক বেশি বিকল্প রয়েছে।’
বরুণ মনে করেন, ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেয়ার মতো অবস্থানে যারা রয়েছেন, সময়ের সঙ্গে খাপ খাওয়াতে তাদের পরিবর্তন হওয়া জরুরি। তিনি বলেন, ‘আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যারা শক্তিশালী অবস্থানে আছেন তাদের নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, তবু বছরের পর বছর ধরে একই কাজ করছেন। আমি জানি না আসলে তারা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া জরুরি। আমরা সবাই তেমন না হলে প্রাসঙ্গিকতা হারাব।’
তিনি স্বীকার করেন যে নতুনত্ব আনার প্রক্রিয়াটা প্রতিবন্ধকতায় পূর্ণ হতে পারে। তার পরও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য এটি অপরিহার্য। তার দাবি, অধিকাংশ মানুষই পরিবর্তন চায় না।”
বরুণ তারকাখ্যাতির গতিবিধি নিয়েও আলোকপাত করেন। তিনি জানান যে নবীন অভিনেতা ও আগ্রহী শিল্পীরা প্রায়ই নিজেদের তোষামোদকারী দ্বারা ঘিরে রাখেন। তবে অভিজ্ঞ আইকনদের ক্ষেত্রে এটি কম দেখা যায়। বলিউডের কিংবদন্তি শাহরুখ খান, সালমান খান ও আমির খানের প্রশংসা করে তিনি বলেন, ‘নবাগত তারকারা বা যারা এখনো তারকা হওয়ার পথে আছে, তাদের চারপাশে এমন তোষামোদ মানুষজন থাকে। কিন্তু যারা এরই মধ্যে সে উচ্চতায় পৌঁছেছেন, তাদের চারপাশে তোষামোদকারী সে অর্থে নেই। শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো তারকারা বিভ্রান্ত নন। তারা জানেন বাস্তবে কী ঘটছে।’
বেবি জন সিনেমা পরিচালনা করেছেন কালিজ ও প্রযোজনা করেছেন অ্যাটলি। ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমায় বরুণ ধাওয়ান ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাবি ও কীর্তি সুরেশ।
সূত্র: বলিউড হাঙ্গামা










