এপ্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গত কয়েক বছর প্লে-ব্যাকে (সিনেমার গান) একক আধিপত্যই বিস্তার করে আসছেন তিনি। একটা সময় ছিল যখন সিনেমার গান মানেই প্লে-ব্যাক অ্যান্ড্রু্ কিশোরের কণ্ঠে গান থাকতেই হবে। তা না হলে যেন প্রযোজক-পরিচালক ভরসা পেতেন না। ঠিক তেমনটাই হচ্ছে ইমরানের ক্ষেত্রে। নতুন সিনেমা মানেই ইমরানের গান। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই ইমরানের গান রয়েছে। তবে গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গানটি প্রকাশ পেয়েছিল গত ১৭ মার্চ। প্রকাশের প্রথম দিন থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আনাচে-কানাচে শহরে বন্দরে গ্রামে-গঞ্জে এ গান সবার কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। রিলসে, টিকটকে এ গান লাখ লাখ বার আপলোড করেছেন শ্রোতা-দর্শক। রবিউল ইসলাম জীবনের লেখা ইমরান মাহমুদুলের সুর সংগীতে কন্যা গানে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। এবারের ঈদে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’-এও ইমরানের গান আছে। গানের শিরোনাম ‘মায়াবী’। গানটি লিখেছেন রিতাম সেন। কম্পোজিশনে ছিলেন রথিজিত ভট্টাচার্য। গেয়েছেন ইমরান ও কোনাল। গত ৩১ মার্চ ইউটিউবে প্রকাশিত গানটি এখন পর্যন্ত ২৮ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। এবারের ঈদের আরো এক আলোচিত সিনেমা ‘জংলি’তে ইমরান ও কণা গেয়েছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘বন্ধুগো শোনো’ গানটি। এ গান শ্রোতা-দর্শকের ভালো লাগায় পরিণত হয়েছে। গত ২১ মার্চ প্রকাশিত গানটি ১৮ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। তবে মায়াবী ও বন্ধুগো শোনোর চেয়ে ভিউয়ারসের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে কন্যা। জাজ মাল্টিমিডিয়া, ইমরান ও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গান এরই মধ্যে এক কোটি পেরিয়েছে। সে হিসেবে কন্যা গান এবারের ঈদে সবার আগে কোটি পার হওয়া গান। যেহেতু এবারের ঈদের সেরা গান এটি, তাই এ গানের প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহও প্রবল। কন্যা যে শুধু এবারের ঈদ উদযাপনেরই গান এমনটি নয়, এটি আগামী দিনের যেকোনো বাংলাদেশী উৎসবের গানে পরিণত হয়েছে। নিজের তিন গানের সাফল্যে ইমরান মাহমুদুল বলেন, ‘এবারের ঈদ আমার সংগীত জীবনের অন্যতম সেরা ঈদ। একজন প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিন গানের জন্য সাড়া পেয়ে ভীষণ ভালো লাগছে।’