ভারতীয় র্যাপার রাজা কুমারী। প্রায় ১০ বছর তিনি ভারতের সংগীত ইন্ডাস্ট্রিতে আছেন। বহু জনপ্রিয় র্যাপ ও গানে জুড়ে আছে তার নাম। কিন্তু এর মধ্যেই এক দশকের ক্যারিয়ারে তার আছে মিশ্র অভিজ্ঞতা। এ নিয়ে তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকালে মনে হয় গত ১০ বছরে যা কিছু ঘটেছে, সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ ছিল। রোজকার সংগ্রামই আমাকে আজকের জায়গায় প্রতিষ্ঠা করেছে। আমার শিল্পকে আমি সরস্বতীর বর মনে করি।’
রাজা কুমারী একের পর এক গান উপহার দিয়েছেন। এর মধ্যে কিছু আছে সিনেমায়। বাকি তার সিঙ্গেল। নিজের জায়গাটি তিনি ঠিক করে নিয়েছেন। এখন মনে করেন, অন্যদের জন্যও তার কাজ করা উচিত। এ নিয়ে রাজা কুমারী বলেন, ‘আমি গত ১০ বছরে সংগীতের ইন্ডাস্ট্রিতে নিজের জন্য একটা জায়গা তৈরি করেছি। এখন আমি সে জায়গা তৈরি করতে অন্যদের সাহায্য করতে চাই।’
তবে এরই মধ্যে বেশকিছু সমস্যায়ও পড়তে হয়েছে তাকে। গত তিন বছর তার জন্য বেশ কঠিন গেছে। এ নিয়ে তিনি বলেন, ‘২০২৩ সালে আমি স্বাধীনভাবে একটি অ্যালবাম প্রকাশ করি। এর পর পরই ইন্ডাস্ট্রির জটিলতা আর রাজনীতির বিষয়টার মধ্যে পড়ে যাই।’
কোন ধরনের রাজনীতি বা সমস্যায় পড়েছিলেন রাজা কুমারী তা স্পষ্ট করেননি। কিন্তু তিনি জানান, এ কারণেই একটা বছর তিনি বিরতি নিয়েছেন অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে। রাজা কুমারী বলেন, ‘সবাই দেখেছে, আমি জওয়ান বা বেবি জনে দারুণ কাজ করছি। তারাই প্রশংসা করেছেন। কিন্তু এর বাইরে একটা সমস্যা ছিল। আমার মনে হচ্ছিল, অ্যালবাম নিয়ে কাজ করার সময় এটা নয়। সেজন্য পরের অ্যালবাম প্রকাশ করার ক্ষেত্রে একটা বছর সময় নিই।’
এর মধ্যে রাজা কুমারীর দুটো ট্যুর কনসার্ট করার কথা ছিল। একটি ভারতে ও অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভারতের কনসার্টটি বাতিল হয়। এ নিয়ে তিনি মানসিক সংকটে পড়েছিলেন। রাজা কুমারী বলেন, ‘বিষয়টি আমার জন্য মানসিক চাপের ছিল। আমার নিজেকে দ্বিধান্বিত মনে হচ্ছিল। এত মন খারাপ হয়েছিল যে কী করব বুঝে উঠতে পারছিলাম না। তবে সেটা কাটিয়ে উঠেছি।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










