নন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ বিরতির পর গানে সরব হয়ে উঠেছেন তিনি। নিজ উদ্যোগে বেশকিছু গানের আয়োজনের পাশাপাশি বিভিন্ন সংগীত পরিচালকের সুরে গানে কণ্ঠ দিয়েছেন ।

এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে দুটি গান প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী। ‘আবার একবার’ ও ‘তোমার আছি’ শিরোনামে গান দুটি শ্রোতাদের প্রশংসাও পেয়েছে। সেই সুবাদে নিজ চ্যানেলে নতুন আরেকটি একক গান প্রকাশ করলেন তিনি। শিরোনাম ‘প্রেমে পড়ার গান’। ‘ছোট্র এ অন্তরে যতনে আদরে, সাজিয়ে রেখেছি নামটা তোর মনের উঠোনটাতে, গুছিয়ে নিজ হাতে, বিছিয়েছি প্রেমেরও চাদর’—এমন কথায় সাজানো গানটি লিখেছেন তারিক বিন ইসলাম তুহিন। সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ হাসান নিরব। এ গানের ভিডিও নির্মাণের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন শিল্পী ন্যান্সির বড় মেয়ে মার্জিয়া বুসরা রোদেলা। এর আগে রোদেলা বেশকিছু গান গেয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছেন।

পাশাপাশি দর্শক মনোযোগ কেড়েছেন ন্যান্সির গাওয়া ‘তোমার আছি’ গানের মডেল হয়ে। এবার মিউজিক ভিডিও পরিচালনার মধ্য দিয়ে নতুন আরেকটি পরিচয় তুলে ধরলেন রোদেলা। এ নিয়ে ন্যান্সি বলেন, ‘রোদেলা যে অল্প দৃশ্য নিয়ে গানের ভিডিও নির্মাণ করতে চেয়েছে, তা আমার কাছে সময়োপযোগী মনে হয়েছে’ তাই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নির্দেশনা দেয়া নিয়ে কোনো প্রশ্ন তোলোনি। গানের কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে যেভাবে দৃশ্য ধারণ করতে চেয়েছে, তাকে সে স্বাধীনতা দেয়া হয়েছে। গানের গল্প উপস্থাপনের ভিন্নতা আনার জন্য গারো সম্প্রদায়ের দুজন তরুণ-তরুণীকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে। কাজের সম্পাদনা ও পরিকল্পনামাফিক শেষ করতে বন্ধু ইব্রাহীম মাহাদিও দারুণভাবে সহযোগিতা করেছে।