মুক্তির ছয়দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পুষ্পা। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ভেঙে চলছে বক্স অফিসের রেকর্ড। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে দক্ষিণী এ অভিনেতা জানিয়েছেন, তিনি চান তার সিনেমার রেকর্ডগুলো দুই থেকে তিন মাসের মধ্যে ভেঙে যাক।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে আল্লু অর্জুন জানান, পুষ্পার এ বিজয় শুধু তার নয় বরং ভারতের। যদিও সংখ্যাগুলো সাময়িক, দর্শকের হৃদয়ে যে ভালোবাসা আঁকা হয়েছে, তা চিরকাল থাকবে। তিনি চান, তার তৈরি করা রেকর্ড অন্য কোনো সিনেমা ভেঙে ফেলুক; তাও আগামী দুই থেকে তিন মাসের মধ্যে। তিনি বলেন, ‘রেকর্ডগুলো ভাঙা হোক। কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলেগু, তামিল নাকি হিন্দি—এটা কোনো বিষয় নয়। রেকর্ডগুলো ভাঙা হোক।’
এদিকে পুষ্পা সিনেমার প্রিমিয়ারকে ঘিরে নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ নাটকীয়তার পর তার জামিন মঞ্জুর হলেও রাতভর জেলে থাকতে হয়েছে তাকে।
৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা-২’ প্রিমিয়ার শো। আগ্রহী দর্শকের ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। শুরু হয় লাঠিচার্জ। সে সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরো বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে নিহত হন রেবতী। ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। আল্লু অর্জুন, তার নিরাপত্তাকর্মী ও সন্ধ্যা থিয়েটারের মালিকের বিরুদ্ধে হয়েছিল মামলা। সে মামলার ভিত্তিতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে আল্লুকে জুবিলি হিলসের বাংলো থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। ঘটনার আটদিন পর গ্রেফতার হন অভিনেতা।
আল্লু অর্জুনের গ্রেফতারের ঘটনা কেবল বিনোদন দুনিয়ার মধ্যেই থেমে নেই। এর মধ্যেই কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে পরস্পরকে সমালোচনা করেছেন। তবে সবচেয়ে বড় কথা আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না। সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










