শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুমি এবার হাজির হচ্ছেন আরো এক অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে।
গত বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয় তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’র ফার্স্ট লুক, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমাটির কয়েক সেকেন্ডের ঝলক সামাজিক মাধ্যমে মুক্তির পরই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে। এখন প্রশ্ন, বরবাদের চেয়েও কি রাক্ষস পর্দায় আরো বেশি ভায়োলেন্স দেখাবে?
ফার্স্ট লুকে দেখা যায় ধবধবে সাদা ঘরের মেঝেজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। রক্তে ভরা একটি বাথটাবে নিথর পড়ে আছে একটি বাঘ। পাশেই দাঁড়িয়ে রয়েছেন সাদা স্যুট-বুটে সজ্জিত নায়ক সিয়াম আহমেদ, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়ছেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখে-মুখে ফুটে উঠেছে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা গোলাপের ফুল স্পষ্ট করে দিচ্ছে যে রাক্ষস মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়।
এফডিসিতে ফার্স্ট লুক প্রকাশ উপলক্ষে বুধবার আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সিয়াম আহমেদ জানান, এ চরিত্রের জন্য তিনি দীর্ঘ নয় মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, ‘ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সে গল্পই বলবে রাক্ষস।’ সিনেমায় সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, দেশের বাইরে শ্রীলংকা ও মালয়েশিয়ায়ও হবে সিনেমার কিছু অংশের চিত্রায়ণ।










