প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তির আগেই বড়সড় আইনি জটিলতায় পড়েছে সিনেমাটি। মাদ্রাজ হাইকোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশের কারণে সিনেমাটির তেলেগু সংস্করণের ওটিটি মুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গতকাল বিখ্যাত ডিজিটাল প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে বহুল আলোচিত চলচ্চিত্রটি বিশ্বব্যাপী স্ট্রিমিং হওয়ার কথা ছিল।

চলচ্চিত্র নির্মাতা শ্রীপ্রিয়া ও তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘রাজকুমার থিয়েটার প্রাইভেট লিমিটেড’ মাদ্রাজ হাইকোর্টে ‘দৃশ্যম থ্রি’-এর তেলেগু ভাষার স্বত্বের (রাইটস) বৈধ মালিকানা দাবি করে একটি রিট আবেদন দায়ের করেন। শ্রীপ্রিয়া আদালতে যুক্তি দেখিয়েছেন, আগের চুক্তি অনুযায়ী তেলেগু অঞ্চলের দর্শকের জন্য ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির যেকোনো সিনেমা প্রকাশের অধিকার কেবল তাদেরই। মূল মালয়ালম নির্মাতারা সরাসরি তেলেগু ডাবিং প্রকাশ করে সে চুক্তি ও কপিরাইট আইন লঙ্ঘন করছেন।

সে আবেদনের পরিপ্রেক্ষিতেই ১৭ জুন বিচারপতি কে কুমারেশ বাবু চলচ্চিত্রটির ওটিটি মুক্তির ওপর এ আকস্মিক নিষেধাজ্ঞা জারি করেন। আদালত তার পর্যবেক্ষণে জানায়, বিবাদী পক্ষকে যথাযথ আইনি নোটিস পাঠানো সত্ত্বেও তাদের কোনো প্রতিনিধি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হননি। ফলে একতরফা শুনানির মাধ্যমে এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়া হয়েছে। জিতু জোসেফ পরিচালিত জনপ্রিয় ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যমের আগের দুটি পর্বের মতো এ তৃতীয় সিকুয়ালটিও গত ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে বিপুল বাণিজ্যিক সাফল্য লাভ করে।

সূত্র: ইয়ন