দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ১৯ ডিসেম্বর রাতে উত্তরার এক শুটিং বাড়িতে একটি নাটকে শুটিং করছিলেন এ অভিনেত্রী। পরিচালক কাট বলার পরও অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এতটাই চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে নিয়েছিলেন তিনি। দৃশ্যটি বন্দি নাটকের। যেখানে অহনার বিপরীতে রয়েছেন আবু হুয়ায়রা তানভীর।

এ নিয়ে অহনা রহমান বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই, যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনই একটি গল্প বন্দি। গল্পটি একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি, সেড স্টোরি, একই সঙ্গে অতিরিক্ত সন্দেহে একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে, তা তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারো কাছে আশ্রয়ের জন্য যায় আর সে আশ্রয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়ে, তখন তার কতটা খারাপ লাগে। পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। সেটি দর্শক দেখতে পারে। নাটকটিতে সামাজিক বার্তা পাবে সবাই।’