বিশ্বের বিনোদন অঙ্গনের মানুষকে একত্র করতে হচ্ছে নতুন আয়োজন। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘ওয়েভস’ (WAVES)—ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট। আগামী ১-৪ মে আয়োজনটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে বিশ্বের যেকোনো দেশ থেকে অংশগ্রহণ করা যাবে। এ আয়োজন নিয়ে গতকাল ঢাকার গুলশানে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে (ইন্ডিয়ান কালচারাল সেন্টার) গণমাধ্যমের সঙ্গে একটি মতবিনিময় সভা আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জ। ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ‘জার্নি অব ইন্ডিয়ান সিনেমা’ ঘুরে দেখানোর পাশাপাশি তিনি ওয়েভস নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভারতীয় সিনেমার যাত্রা নিয়ে অ্যান মেরি জর্জ বলেন, ‘১০০ বছরেরও বেশি সময় আগে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ নতুন মাত্রায় পৌঁছেছে। নির্বাক থেকে সবাক, সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করার পর সিনেমায় এখন প্রযুক্তির সাহায্যে অনেক দূর এগিয়ে গেছে। প্রতিনিয়ত নতুন মাত্রা পাচ্ছে ভারতের সিনেমা। কেবল বলিউড না, ভারতের নানা প্রান্তে প্রতিনিয়ত তৈরি হচ্ছে সিনেমা।’

ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভারতীয় সিনেমার ১০০ বছর উপলক্ষে বিশেষ একটি প্রদর্শনী করা হচ্ছে। সেখানে দাদাসাহেব ফালকে থেকে শুরু করে রাজামৌলি পর্যন্ত সিনেমার নির্মাতা ও এর পাশাপাশি সংক্ষিপ্ত আকারে ভারতের সিনেমাযাত্রা তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। ভারতের প্রথম মোশন পিকচার ‘রাজা হরিশচন্দ্র’র একটি প্রিন্টও দেখা যাচ্ছে সেখানে। তবে প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। ভারতীয় সংস্কৃতি কেন্দ্র জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলে প্রদর্শনী দেখার বিশেষ ব্যবস্থা করার বিষয়টি তারা বিবেচনায় রাখছেন।

প্রদর্শনীর পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল ওয়েভস। এটি একটি নতুন ধারার চিন্তা, যেখানে এক জায়গায় বিশ্বের সিনেমা, সংগীত ও বিনোদনসংশ্লিষ্ট মানুষকে একত্র করা যাবে। বিশ্বের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বাজার এখন প্রায় ২ দশমিক ৯৬ ট্রিলিয়ন। এ পরিসর দ্রুতই আরো বাড়বে। সেখান থেকে প্রতিটা দেশেরই কিছু না কিছু নেয়ার আছে। সাংস্কৃতিক লেনদেন ও মিথস্ক্রিয়ার মাধ্যমে তা সম্ভব। সেজন্য প্রয়োজন একটি প্লাটফর্ম। ওয়েভস তেমনই একটি প্লাটফর্ম হতে পারে।

এ আয়োজনে থাকছে গোলটেবিল বৈঠক। গ্লোবাল মিডিয়া ডায়ালগে বিশ্বের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা হবে নীতিনির্ধারকদের। এছাড়া বিভিন্ন অঙ্গনের নেতৃত্ব পর্যায়ে আয়োজিত হবে আলোচনা। থাকবে প্রদর্শনী। তবে তা সিনেমার প্রদর্শনী না। বিনোদন মাধ্যমের বিভিন্ন বিষয় ও প্লাটফর্ম নিয়ে আয়োজন হবে প্রদর্শনী। মূলত সেখানে মিথস্ক্রিয়াই প্রধান।

ওয়েভ বাজার নামে একটি ধারণা নিয়ে কাজ করা হচ্ছে। এটি এমন একটি প্লাটফর্ম হতে পারে যেখানে বিনোদন ও গণমাধ্যম একত্রিত হবে।