নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমনি। নির্মাতা মো. সামছুল হুদা এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। অনিক বিশ্বাসের গল্প ও চিত্রনাট্যে ‘গল্পওয়ালা’ প্রডাকশন হাউজের প্রযোজনায় মো. সামছুল হুদা নির্মাণ করছেন গোলাপ নামের সিনেমাটি। এ সিনেমারই ‘রূপা’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। বিষয়টি গত ৩১ জানুয়ারি রাতে নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিশ্চিত করেছেন পরিচালক সামছুল হুদাও। পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। গোলাপ সিনেমায় রূপা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘গোলাপ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। অনেক দিন ধরেই এ ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে, এমনকি ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ সিনেমার গল্পে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, টুইস্টগুলোকে ঘিরেই অনেক মজা হবে। দর্শকের ভালো লাগবে। পরিচালকের জন্য শুভ কামনা রইল।’

পরিচালক সামছুল হুদা বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে। কারণ আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল একটি সিনেমা নির্মাণ করার। গল্পওয়ালা আমার সে স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে। এটাই আমার জন্য অনেক বড় সাহসের বিষয়। তবে সবচেয়ে অনুপ্রেরণা ও আমার কাজের গতিকে শত গুণে বাড়িয়ে দেয়ার পেছনে রয়েছে পরীমনি আপুর এ সিনেমার সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছেন, তাদের মধ্যে রূপা চরিত্রটির জন্য পরীমনি আপুই পারফেক্ট। যে কারণে গল্প চূড়ান্ত করার পর তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি ৩০ জানুয়ারি রাতে সময় নিয়ে গল্পটা শুনেছেন এবং সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আমি আশা করছি, তার সর্বাত্মক সহযোগিতা নিয়ে গোলাপ সিনেমাটি সুন্দরভাবে সম্পন্ন করে এ বছরই দর্শককে উপহার দিতে পারব।’ সিনেমায় পরীমনির বিপরীতে ‘গোলাপ’ চরিত্রে অভিনয় করছেন নীরব।