চলতি বছর মুক্তি পাবে বহু প্রতীক্ষিত বন্ড ফিল্ম নো টাইম টু ডাই। আরো আসবে ক্রিস্টোফার নোলান, সোফিয়া কোপোলা, আড্রিয়ান লেনে, এডগার রাইট, ডেভিড ফিঞ্চার, চার্লি কফম্যান এবং ওয়েজ অ্যান্ডারসন পরিচালিত ছবি। চলতি বছরে আসবে মার্বেলের ছবি, আসবে কয়েকটি বহু প্রতীক্ষিত সিক্যুয়াল। শেষমেশ এ বছর মুক্তি পাবে ব্ল্যাক উইডো। সব মিলিয়ে ২০২০ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ইনডিপেনডেন্ট—
কুইন অ্যান্ড স্লিম
বিয়ন্সের মিউজিক ভিডিওর পরিচালক মেলিনা ম্যাটসোকাস এবার সিনেমা নির্মাণ করেছেন— কুইন অ্যান্ড স্লিম। এটা রোমান্টিক ড্রামা ঘরানার ছবি। ড্যানিয়েল কালুয়া এবং জোডি টার্নার-স্মিথ অভিনয় করেছেন এক দম্পতির ভূমিকায়, যারা সারা যুক্তরাষ্ট্র ঘুরে বেড়ায় তাদের পছন্দের আবাস গড়তে। ছবিটি মুক্তি পাবে ৩১ জানুয়ারি।
দি ইনভিজিবল ম্যান
লেই হোয়ানেল পরিচালিত আমেরিকান সায়েন্স ফিকশন এবং মনস্তাত্ত্বিক হরর ছবি। এইচ জি ওয়েলসের বিখ্যাত উপন্যাস এবং তা অবলম্বনে ১৯৯৩ সালে নির্মিত ছবির ওপর ভিত্তি করে লেই হোয়েনেল তার দি ইনভিজিবল ম্যান তৈরি করেছেন। চিত্রনাট্যও লেই লিখেছেন। দি ইনভিজিবল ম্যানে অভিনয় করেছেন এলিজাবেথ মস, অলিভার জ্যাকসন-কোহেন, অলডিস হজ, স্টর্ম রেইড এবং হ্যারিয়েট ডায়ার। লেই হোয়ানেল ২০১৮ সালে নির্মাণ করেছিলেন প্রশংসিত সাই-ফাই থ্রিলার আপগ্রেড। দি ইনভিজিবল ম্যান মুক্তি পাবে ২৮ ফেব্রুয়ারি।
আ কোয়ায়েট প্লেস : পার্ট
টু
২০১৮ সালের আ কোয়ায়েট প্লেসের সিক্যুয়াল আ কোয়ায়েট প্লেস : পার্ট
টু। জন ক্রাসিনস্কি আমেরিকান হররে সিক্যুয়ালের গল্প লিখেছেন, পরিচালনাও করেছেন। ছবিতে অভিনয় করবেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট টমাস, সিলিয়ান মারফি। ছবিটি মুক্তি পাবে ২০ মার্চ।
নো টাইম টু ডাই
কোনো সন্দেহ নেই ২০২০-এর অন্যতম প্রতীক্ষিত ছবির একটি নো টাইম টু ডাই। এটি হবে ড্যানিয়েল ক্রেগ অভিনীত শেষ বন্ড ছবি। ক্যারি ফুকুনাগা পরিচালিত নো টাইম টু ডাইয়ে আরো অভিনয় করেছেন রামি মালেক, অ্যানা ডি আর্মাস এবং লাশানা লিঞ্চ। বন্ড ছবি নিয়ে দুনিয়ায় এমনিতেই দর্শকদের আগ্রহের কমতি নেই, আর এবার যেহেতু ড্যানিয়েল ক্রেগ শেষবারের মতো জেমস বন্ড হচ্ছে, তাই সেটাও অনেককে আগ্রহী করে তুলবে ছবিটির প্রতি। নো টাইম টু ডাই মুক্তি পাবে ১৩ এপ্রিল।
আন্তেবেলাম
আন্তেবেলামের কাহিনী সম্পর্কে এখনো তেমন কিছু প্রকাশিত হয়নি। আর্টিস্ট এবং মিউজিক ভিডিও পরিচালক জেরার্ড বুশ এবং ক্রিস্টোফার রেনজের ফিচার ফিল্ম পরিচালনার অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে। কাহিনী না জানা গেলেও থ্রিলারধর্মী ছবিটির ট্রেইলার দর্শককে রোমাঞ্চিত করেছে। বর্তমান যুগ এবং উনিশ শতকের এক প্লান্টেশনে হারিয়ে যাওয়ার গল্প দেখা যায় ট্রেইলারে। আন্তেবেলাম মুক্তি পাবে ২৪ এপ্রিল।
দ্য ওম্যান ইন দ্য উইন্ডো
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অ্যামি অ্যাডামস। এ মনস্তাত্ত্বিক থ্রিলার পরিচালনা করেছেন জো রাইট। ২০১৮ সালে এজে ফিন ছদ্মনামে দ্য ওম্যান ইন দ্য উইন্ডো উপন্যাসটি রচনা করেন এক লেখক। এ উপন্যাস অবলম্বনে জো তার ছবি নির্মাণ করেছেন। অ্যামি অ্যাডামস অভিনয় করেছেন মনস্তাত্ত্বিক সমস্যায় ভোগা এক নারীর চরিত্রে, যিনি বিশ্বাস করেন তিনি তার বাড়ির জানালা দিয়ে বাইরের রাস্তায় কয়েকটি খুনের ঘটনা দেখেছেন; এ কারণে তিনি রাস্তায় যেতে ভয় পান। ছবিটি মুক্তি পাবে ১৫ মে।
ওয়ান্ডার ওম্যান ১৯৮৪
২০১৭ সালে গ্যাল গাদোত অভিনীত ওয়ান্ডার ওম্যান বিরাট সাফল্য পেয়েছিল। এ বছর আসছে ওয়ান্ডার ওম্যানের সিক্যুয়াল ওয়ান্ডার ওম্যান ১৯৮৪। ওয়ান্ডার ওম্যান ছিল ইতিহাসে কোনো নারী পরিচালকের সবচেয়ে ব্যবসা সফল ছবি; পরিচালক ছিলেন প্যাটি জেনকিনস। ২০২০-এর সবচেয়ে বড় ছবিগুলোর একটি হবে ওয়ান্ডার ওম্যান ১৯৮৪। ছবিটি মুক্তি পাবে ৫ জুন।
টপ গান: মাভেরিক
২০২০-এ মিশন ইম্পসিবল স্থগিত রাখছেন টম ক্রুজ। এর পরিবর্তে তিনি বরং চেপে বসেছেন যুদ্ধবিমানের ককপিটে। গত শতকের আশির দশকের টপ গান ছবির সিক্যুয়াল টপ গান : মাভেরিকে
বৈমানিক চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে। পরিচালনা করেছেন জোসেফ কোজিনস্কি। মার্কিন নৌ-বাহিনীর বৈমানিকের ভূমিকায় টম ক্রুজকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। সেজন্য তাদের অপেক্ষা করতে হবে ১৭ জুলাই পর্যন্ত।
২০২০ সালে আরো যেসব ছবি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দর্শকরাও যেগুলোর প্রতীক্ষায় থাকবেন, তার মধ্যে আছে বার্ব অ্যান্ড স্টার গো টু ভিস্তা ডেল মার (মুক্তি পাবে ২৪ জুলাই), দ্য
মেনি সেইন্টস অব নিউআর্ক (৫ সেপ্টেম্বর), লাস্ট
নাইট ইন সোহো (১৮ সেপ্টেম্বর), এভরিবডি
ইজ টকিং অ্যাবাউট জেমি (২১ অক্টোবর), দি
এটারনালস (৬ নভেম্বর)। বছরের একেবারে শেষদিকে আসবে স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি, ছবিটি ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।










