গ্ল্যামারাস নায়িকার খোলস ভেঙে পর্দায় যখনই ভিন্ন কিছু করার সুযোগ পেয়েছেন, লুফে নিয়েছেন। এবার চেনা ছকের বাইরে গিয়ে একেবারেই নতুন এক চমক নিয়ে আসছেন এ বলিউড নায়িকা। এবার আর নায়িকা নন, বরং খলনায়িকা বা ‘নেগেটিভ’ চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।
শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’তেই নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। এটিই যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান বা ফিমেল-সেন্ট্রিক সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ঘোষণা হয়েছে এবং এর শুটিংও প্রায় শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ অ্যাকশনধর্মী চলচ্চিত্র। রুপালি পর্দায় আলিয়া ভাটকে খল চরিত্রে কেমন লাগবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিপাড়ায় এখন তুমুল চর্চাও চলছে।
এ বিগ বাজেটের সিনেমায় আলিয়া ছাড়াও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন উদীয়মান তারকা শর্বরী ওয়াঘ। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে থাকছেন ববি দেওল ও অনিল কাপুর। আর সবচেয়ে বড় চমক হিসেবে সিনেমাতে আলিয়ার ‘মেন্টর’ বা গুরুর ভূমিকায় দেখা যাবে ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশনকে।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হেঁটে বিশ্ব দরবারে নতুন করে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। সেখানে তার জমকালো উপস্থিতি এবং পোশাকের ফ্যাশন বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। কান উৎসবের সেই আলো ছড়ানো রেশ কাটতে না কাটতেই এবার তার খলনায়িকা হওয়ার খবর ভক্তদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে।
‘আলফা’ ছাড়াও আলিয়ার ঝুলিতে রয়েছে আরো বেশকিছু বড় প্রজেক্ট। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমাটি হলো গুণী নির্মাতা সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। এ সিনেমায় তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এর বাইরেও বলিউডের বেশ কয়েকজন নামি পরিচালকের সঙ্গে নতুন কিছু সিনেমার চিত্রনাট্য নিয়ে কথাবার্তা বলছেন এ সুনিপুণ অভিনেত্রী।










