যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়েছে শতাধিক বাড়িঘর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারো মানুষ। ক্ষতির তালিকা থেকে বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও।

লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এ বাড়িগুলোও আগুনের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে।

প্যারিস হিলটনের মালিবুতে অবস্থিত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখে তিনি এ খবর জানতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এ অভিজ্ঞতা যেন আর কারো না হয়। প্যারিস জানান, তার বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল, যা আগুনে পুড়ে গেছে। পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে তিনি জানান।

‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনোভাবে প্রাণে বেঁচেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তিনি শোকাহত।

খ্যাতনামা অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার পরিবার নিরাপদ রয়েছে। তবে তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি ঈশ্বর ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

দাবানল ছড়িয়ে পড়ার আগে ম্যান্ডি মুর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তার বাড়িটিও পুড়ে গেছে। ধ্বংসের ভয়াবহতা দেখে তিনি বাকরুদ্ধ।

এ ভয়াবহ দাবানল কীভাবে শুরু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে ক্ষতির মাত্রা এরই মধ্যে অনেক গভীর প্রভাব ফেলেছে।