মঞ্চে স্থিরতা আনতে সৃষ্টি হলো নতুন সংগঠন থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টিএএডি)।
২২ নভেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সাধারণ সভা। রেজিস্ট্রেশনকৃত ১৭০ সদস্যের মধ্য থেকে ৮০ জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। সদস্যরা, ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কাজ করবে। বিষয়গুলো গণমাধ্যমকে জানিয়েছেন সদ্য গঠিত কমিটির কমিউনিকেশন সেক্রেটারি নাজনীন হাসান চুমকি।
নাট্যজন আজাদ আবুল কালামকে প্রেসিডেন্ট ঘোষণা করে পুরো কমিটি ভাইস প্রেসিডেন্ট আইরিন পারভীন লোপা, সেক্রেটারি জেনারেল সাইফ সুমন, সেক্রেটারি অর্গানাইজেশন তৌফিকুল ইসলাম ইমন, ট্রেজারার শামীম সাগর, সেক্রেটারি অফিস আসাদুল ইসলাম, সেক্রেটারি ইভেন্ট অপু শহীদ, সেক্রেটারি ওয়েলফেয়ার কাজী রোকসানা রুমা, সেক্রেটারি ক্লাব এ কে আজাদ সেতু ও এক্সিকিউটিভ মেম্বারস হিসেবে আছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্চিতা শারমীন পিয়া।
সংগঠনটি জানায়, এর মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় মঞ্চ ও মঞ্চ-নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়নে তাদের প্রতিনিধিত্ব করা। সে তাগিদ থেকেই থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা গঠনের উদ্যোগ।
টিএএডি প্রসঙ্গে প্রেসিডেন্ট আজাদ আবুল কালাম বলেন, ‘টিএএডি কোনোভাবেই থিয়েটার দল বা থিয়েটার দলগুলোকে নিয়ে গঠিত কোনো সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ এটি শুধু ব্যক্তির সংগঠন, কোনো দলের নয়।’










