বড়দিন উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায়, একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে একাধিক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ ২০২৫ নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১০ মে ২০২৫ নন্দনমঞ্চসহ দেশের ছয়টি জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন ২০২৫ নন্দনমঞ্চে আনন্দ উৎসব এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ও গত ১ অক্টোবর ২০২৫ নন্দনমঞ্চে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য বড়দিনের সাংস্কৃতিক সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত থাকবে।