ধ্রুব হাসান নির্মিত প্রথম সিনেমা ফাতিমা। গত বছর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কারও জিতে নেয়। সিনেমাটিতে অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিণ। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ফাতিমা। সিনেমার পরিচালক ধ্রুব হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ওটিটি প্লাটফর্ম বঙ্গতে ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। তিনি বলেন, ‘গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে ফাতিমার মুক্তি পিছিয়ে যায়।’
গত বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি, চলতি বছর প্রদর্শিত হয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবেও। তবে দর্শক এবার ঘরে বসেই ছবিটি দেখতে পারবেন। নির্মাতা বলেন, ‘এখন ওটিটির দর্শকও সিনেমাটি দেখতে পারবেন, সেটি ভালো লাগার একটি বিষয়।’
এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারের শুরুর দিকে এতে নাম লেখান তিনি। সিনেমাটি প্রসঙ্গে আগেই তাসনিয়া বলেছিলেন, ‘সুন্দরভাবে শুটিং হচ্ছিল, হঠাৎ মাঝপথে তা বন্ধ হয়ে গেল। লম্বা সময়ের বিরতি। ছয় বছর পর আবার শুটিং শুরু করতে হবে শুনে অবাক হয়েছিলাম। কিন্তু ধ্রুব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে তিনি যেকোনোভাবেই হোক সিনেমাটি শেষ করবেন। শেষ পর্যন্ত তো এটি শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন সিনেমাটি দর্শক দেখলেই আমাদের পরিশ্রম সার্থক।’
এক নারীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ফাতিমা। যেখানে একজন নারীর পরিবার ছেড়ে ঢাকা শহরে এসে নতুন জীবন শুরু করার গল্প এটি। সিনেমাটিতে ফারিণ ছাড়া আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।










