নতুন শুল্কনীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এ শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্য ফেরাতে সহযোগিতা করবে। সমৃদ্ধ করবে আমেরিকাকে। অথচ নীতি ঘোষণার পর থেকেই বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই বিনোদন দুনিয়ায় বহুমাত্রিক হিসাব-নিকাশ চলছে শুল্কনীতিকে কেন্দ্র করে।

শুল্কনীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে বিজ্ঞাপন খাত। এর মধ্যে অ্যাডভারটাইজিং অ্যানালিস্ট ব্রায়ান ওয়েজার এবং মিডিয়া ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ম্যাগনা চলতি বছরের জন্য আয়ের পূর্বাভাস কমিয়ে এনেছে। ওয়েজারের দাবি, আগেই আয়ের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। এমন পরিস্থিতিতে যোগ হচ্ছে নয়া নেতিবাচক প্রবণতা। এর মধ্য দিয়ে সরবরাহ চেইন বিঘ্নিত হবে; আয় হবে আরো বেশি ঝুঁকিপূর্ণ।

অধিকাংশ প্রচলিত ধারার মিডিয়া কোম্পানিতেই ছড়িয়ে পড়েছে উদ্বেগ। লাভের স্বপ্নে বড় রকমের ধাক্কা লাগবে বলে মনে করছেন বিনোদন দুনিয়ার বৈশ্বিক বিশ্লেষকরা। জেপি মরগান এর আগেই প্রতিবেদনে জানিয়েছিল, স্থানীয় টিভিগুলো ব্যাপকভাবে নির্ভর করে বিজ্ঞাপনের ওপর। আর শুল্কের কারণে বিজ্ঞাপন প্রভাবিত হবে।

তবে স্পোর্টস ইভেন্টগুলোর চাহিদা ঊর্ধ্বমুখী রয়েছে। বছরের পর বছর খাতটিতে যোগ হয় নতুন মাত্রা। সে কারণে হয়তো স্পোর্টস ইভেন্টে আঘাতটা একটু কম পড়বে। কিন্তু তার পরও বিনোদন দুনিয়ায় প্রভাব থাকবে চোখে পড়ার মতো। আগামী সপ্তাহ থেকেই এ প্রভাব দৃশ্যমান হতে শুরু করবে বলে মনে করেন বিশ্লেষকরা। চলতি বছরে বেশকিছু আন্তর্জাতিক আসর রয়েছে। নয়া শুল্কনীতির কারণে তা প্রভাবিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

নয়া শুল্কনীতি ইউরোপীয় চলচ্চিত্র এবং টিভি শিল্পে অনেককে উদ্বিগ্ন করেছে। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে ইউরোপীয় ইউনিয়নের বিনোদন খাত বিশেষভাবে বাধাগ্রস্ত হবে। বিপরীতে একচেটিয়া সুবিধা পাবে মার্কিন প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ফ্রান্স, ডেনমার্ক, স্পেন এবং ইতালিসহ ১৪টি ইউরোপীয় দেশ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইস্যুতে টানাপড়েন পার করছে। ইউরোপের বাইরে দেশগুলোর তৎপরতাও বাধাগ্রস্ত হবে নিকট ভবিষ্যতে। দূরপ্রাচ্যের চীনের সঙ্গে এমনিতেই বাণিজ্যযুদ্ধ চলছে আমেরিকার। নয়া শুল্কনীতির কারণে সেটা বিনোদন দুনিয়াতেও ছড়িয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার