‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’—গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সেদিন কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে তার ঠাণ্ডা লেগেছিল। পারিবারিক সূত্রে জানা যায়, করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল। পশ্চিম বঙ্গের চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

লাল পাহাড়ির দেশে যা গানটি বাংলা ভাষার জনপ্রিয় একটি গান। তবে অনেকেরই হয়তো এর গীতিকার-সুরকারের নাম জানা নেই। অরুণ চক্রবর্তী রচিত কবিতা এক সময় গান হয়ে যায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এ গান। অরুণই এ গানের গীতিকার। গানটিতে সুর দেন ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী।

বাংলার লোকসংস্কৃতি নিয়ে আগ্রহী ছিলেন অরুণ চক্রবর্তী। ঘুরে বেড়াতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। পাশাপাশি চলত লেখালিখি।

শেষ বয়সে সান্তা ক্লজের মতো লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন অরুণ। মাথায় বাঁধতেন রঙিন রুমাল। ঝোলায় রাখতেন চকোলেট। শিশুদের দেখলে চকোলেট দিতেন।

সূত্র: সংবাদ প্রতিদিন