গত সোমবার ‘জীন ৩’ সিনেমার ‘কন্যা’ শিরোনামের একটি গান প্রকাশ পায়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। গানটি প্রকাশের পর সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন ভক্তরা। এদিকে গানটি নিয়ে শিল্পীদের মধ্যেও দেখা গেছে আগ্রহ। গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের বরণ্যে সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুকে শেয়ার করেছেন।

এ বছরের শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নেন। সজল জানান, ঈদে মুক্তি দিতে হবে, তাই ১০২ ডিগ্রি জ্বর নিয়ে তিনি এ সিনেমার শুটিং করেন।

মুক্তির আগে ‘জ্বীন ৩’ সিনেমাটি সম্পর্কে ধারণা দিতে একাধিক পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। গত সোমবার প্রকাশিত হয় সিনেমার প্রথম গান ‘কন্যা’। ইমরানের সুর ও সংগীতে সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতে রুনা লায়লা তার ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’ রুনা লায়লার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আপ্লুত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি ভিডিওতে ফারিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন।’ সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো। দেখো। আমি খুবই আবেগাপ্লুত।’

রুনার লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পী কনা ও ইমরান। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।’ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।’ ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম।’

এদিকে কন্যা গানটি প্রকাশের দুদিনে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে ভিউ চার লাখের বেশি। মন্তব্য এসেছে তিন হাজারের বেশি।