পুষ্পার সাফল্যের কথা কারো অজানা নয়। কিন্তু আল্লু অর্জুন আসলে প্যান ইন্ডিয়ান স্টার হয়েছেন ‘পুষ্পা টু’ থেকে। সিনেমাটি উত্তর ও দক্ষিণ ভারতের বক্স অফিসে তোলপাড় করেছে। এদিকে দক্ষিণের নির্মাতা অ্যাটলিও সাফল্যের চূড়ায় আছেন। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ করে তিনি তোলপাড় করেছেন ভারতের বক্স অফিস। এবার আল্লু অর্জুন অভিনয় করছেন তার সিনেমায়। এ কথা জানিয়েছে মৈত্রী ফিল্মস। তারা পুষ্পার প্রযোজক। পুষ্পা নিয়ে কথা বলতে গিয়েই তারা জানিয়েছেন আল্লু অর্জুনের আগামী সিনেমাগুলোর কথা।
মৈত্রী ফিল্মসের রবিশঙ্কর জানান, আল্লু অর্জুনের পরবর্তী সিনেমাটি হতে যাচ্ছে অ্যাটলির সঙ্গে। তিনি এ কথা বলার আগ পর্যন্ত তার সিনেমা নিয়ে কেবল গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে এবার নিশ্চিত হওয়া গেল, আসলেই অ্যাটলির সঙ্গে সিনেমা করছেন তিনি। আল্লু জানান, এ সিনেমার কাজ শেষ হওয়ার পর তিনি শুরু করবেন নির্মাতা ত্রিবিক্রমের সিনেমার কাজ। আল্লু ও ত্রিবিক্রম এর আগে বেশকিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে আছে ২০১২ সালের ‘জুলায়ি’, ২০১৫ সালের ‘সন অব সত্যমূর্তি’ ও ২০২০ সালে ‘বৈকুণ্ঠপুরামালু’।
রবিশঙ্কর বলেন, ‘এ দুই সিনেমার কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। এর মধ্যে অন্য কাজ করবেন না অর্জুন। এ সময় পুষ্পার পরিচালক সুকুমার তার নতুন সিনেমা নিয়ে কাজ করবেন রাম চরণের সঙ্গে। সে কারণে দুই বছরে পুষ্পার ফেরা অসম্ভব। ২০২৭ সালে তার শুটিং শুরু করা সম্ভব হলে সিনেমাটা দর্শক ২০২৮ সালে দেখতে পাবে।’
অপেক্ষা দীর্ঘ হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দর্শক অপেক্ষা করবেন বলেই মনে করেন নির্মাতারা।
সূত্র: বলিউড হাঙ্গামা










