ওয়ান্ডার ওম্যানখ্যাত অভিনেত্রী গ্যাল গাদোত সম্প্রতি তার নিজের দেশে নিষিদ্ধ একটি উপন্যাস অবলম্বনে ছবি নির্মাণে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। অল দ্য রিভারস উপন্যাসটি ইসরায়েলের স্কুলগুলোয় পড়ানো নিষিদ্ধ। এ উপন্যাস নিয়ে ছবি তৈরিতে গ্যাল গাদোত এবং তার স্বামী জ্যারন ভারসানো সহপ্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন কেশেট স্টুডিওর সঙ্গে। গাদোত ও জ্যারন তাদের দুজনের প্রডাকশন কোম্পানি পাইলট ওয়েভের মাধ্যমে কেশেটের সঙ্গে কাজ করবেন।
২০১৪ সালে ইসরায়েলি লেখক ডোরিট রাবিনায়ানের অল দ্য রিভারস উপন্যাসটি হিব্রু ভাষায় প্রকাশিত হয়। এ উপন্যাসে লেখক এক ইসরায়েলি নারী ও ফিলিস্তিন পুরুষের প্রেমের কাহিনী হাজির করেছেন। নিউইয়র্কে তাদের দেখা ও প্রেম। এরপর তাদের সম্পর্কের বিষয়ে পরিবারকে মানাতে দুজনের সংগ্রাম শুরু হয়। স্বাভাবিকভাবেই এ উপন্যাস ইসরায়েলের অনেকেই ভালো চোখে নেননি। ২০১৫ সালে বইটিকে স্কুলের পাঠ্য তালিকা থেকে নিষিদ্ধ করেন দেশটির শিক্ষামন্ত্রী। কিন্তু এই নিষেধাজ্ঞায় খোদ ইসরায়েলে বইটির বিক্রি বেড়ে যায় কয়েক গুণ।
গ্যাল গাদোত বর্তমানে ইসরায়েল সফর করছেন। ওয়ান্ডার ওম্যান ছবির মাধ্যমে গ্যাল গাদোত আন্তর্জাতিক খ্যাতি পান। অল দ্য রিভারস উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে তিনি অভিনয় করবেন কিনা, সে বিষয়ে কেশেট স্টুডিও এখনো কিছু ঘোষণা করেনি।
সূত্র: পিংকভিলা










