বাংলাদেশে ওটিটি প্লাটফর্মের জগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় চরকি। ২০২১ সালের ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ স্ট্রিমিং প্লাটফর্মটি। শুরু থেকেই ভিন্নধর্মী ও মানসম্মত কনটেন্ট নিয়ে দর্শকমহলে দৃষ্টি আকর্ষণ করে চরকি।

কয়েক বছরের ব্যবধানে চরকি বাংলাদেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে। দেশীয় গল্প, প্রতিভাবান নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে গড়ে তোলা কনটেন্ট দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল চার বছর পূর্ণ করল ওটিটি প্লাটফর্মটি।

এ চার বছরে নানা অভিজ্ঞতা সঞ্চার করেছে চরকি। বেশকিছু অর্জনও রয়েছে তাদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানায়, এ চার বছরে চরকিতে কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। চরকি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিন কোটির বেশি রেজিস্টার্ড গ্রাহক। চার বছরে দর্শকের জন্য চরকি নিয়ে এসেছে ১০০-এর বেশি কনটেন্ট। হিসেব করলে প্রতি মাসে গড়ে দুটির বেশি কনটেন্ট মুক্তি দিয়েছে চরকি।

8

চরকির চতুর্থ বছর পূর্তি উপলক্ষে দর্শককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্লাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি দর্শকের উদ্দেশে বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন, এজন্যই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমাদের ভালোবাসার জন্যই চরকি হয়ে উঠছে বাংলা কনটেন্টের রাজধানী। ওটিটিতে বাংলা কনটেন্ট দেখার কথা এলেই অনেকে ভাবেন কনটেন্টটি চরকিতে দেখবেন, সেটা সত্যি আনন্দের।’

দর্শকের মধ্যে এ চাহিদা চরকি তৈরি করেছে নানা পন্থায়। অরিজিনাল সিরিজ, মুভি, ফ্লিক, ট্র্যাভেল–কুকিং–কমেডি শো, বিদেশী কনটেন্ট নিয়মিতই মুক্তি দিচ্ছে চরকি। এর সঙ্গে যুক্ত হয়েছে কো-প্রডিউসড সিনেমা। ওটিটি প্লাটফর্ম হিসেবে চরকি দেশের সবচেয়ে বেশিসংখ্যক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছে, যার সবই দর্শকনন্দিত। সেসব কাজে রয়েছে বিশ্ব জয়ের প্রয়াস। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ সিনেমাগুলো তারই প্রমাণ। 

শুধু জনপ্রিয় ঘরানার সিনেমাই নয়, বিভিন্ন ধরনের দর্শকের কথা ভেবে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী বা ফ্যামিলি অডিয়েন্স, যারা প্রেক্ষাগৃহে গল্পনির্ভর সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্যও কাজ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’, ‘প্রিয় মালতী’-র মতো সিনেমা প্রযোজনায়ও যুক্ত হয়েছে প্লাটফর্মটি। রেদওয়ান রনি জানান, অনেক কাজেই ব্যবসায়িক ঝুঁকি থাকে, তার পরও চরকি কাজগুলো করে শুধু দর্শক ও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাকে এর একটা বড় উদাহরণ হিসেবে জানান তিনি। বলেন, ‘তাণ্ডবের মতো জনপ্রিয় ঘরানার সিনেমা যেমন প্রয়োজন, তেমনি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমার সঙ্গেও চরকি থাকতে চেয়েছে বৃহত্তর স্বার্থে।’ 

অরিজিনাল সিরিজ ও সিনেমার ক্ষেত্রে চরকি প্রথম থেকেই দেখিয়ে আসছে নতুনত্ব এবং ভিন্ন ভাবনার বহিঃপ্রকাশ। চলতি বছরের সিরিজ ‘অ্যালেন স্বপন সিজন ২’-এ থ্রিলের নতুন এক জগৎ দেখানো, ‘২ষ’-তে হররকে নতুনভাবে উপস্থাপন, অজানা এক ইতিহাস নিয়ে ‘ফেউ’, অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে ফিল্ম ‘আমলনামা’ এমন চেষ্টারই বহিঃপ্রকাশ। অরিজিনালগুলো নিয়ে দর্শক এমনটাই জানিয়েছেন তাদের প্রতিক্রিয়ায়।